মন্ত্রণালয় ও বিটিআরসির অনুমোদন ছাড়াই আন্তর্জাতিক কলরেট দেড় সেন্ট থেকে দুই সেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে বিতর্কিতভাবে শুরু হওয়া আইজিডব্লিউ অপারেটর ফোরাম (আইওএফ)। এভাবে তারা একতরফা সিদ্ধান্ত নিতে পারে কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছে।
আইওএফ দাবি করছে, কলরেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের কাউকে জানানোর প্রয়োজন নেই। এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তবে মন্ত্রণালয় বলছে, সিদ্ধান্ত নিলে তাদের কাছে প্রস্তাব আসতে হবে। কিন্তু তারা বিষয়টি জানে না। আর বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলছেন, তিনি বিষয়টি শুনেছেন। কিন্তু তাঁদের কাছে এ-সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আইওএফের প্রধান নির্বাহী খন্দকার মাজহারুল হক স্বাক্ষরিত একটি চিঠিতে ১৬ আগস্ট তাঁদের সংগঠনের সাতটি আইজিডব্লিউকে কলরেট দেড় সেন্ট থেকে বাড়িয়ে দুই সেন্ট করার নির্দেশ দেওয়া হয়। এ সিদ্ধান্ত ২৪ আগস্ট থেকে কার্যকর করা হবে বলে চিঠিতে জানানো হয়। এর ফলে কলরেট ১ টাকা ১৭ (এক সেন্ট) পয়সা থেকে বেড়ে ১ টাকা ৫৬ পয়সা (দুই সেন্ট) হবে।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘আন্তর্জাতিক কলরেট সাড়ে তিন সেন্ট পর্যন্ত বাড়ানো বা কমানো যাবে। কিন্তু সেটা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব আকারে আসবে। মন্ত্রণালয় সরকারের লাভ-ক্ষতি যাচাই করে দেখে তারপর সিদ্ধান্ত দেবে। কিন্তু এখন পর্যন্ত আমার কাছে সে-সংক্রান্ত কোনো ফাইল আসেনি।’ তিনি বলেন, সংগঠন স্বতঃপ্রণোদিত হয়ে এমন সিদ্ধান্ত নিতে পারে না।
মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীও বলেন, বিষয়টি তিনি প্রতিবেদকের কাছে প্রথম শুনলেন। এ বিষয়ে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে আইওএফের প্রধান নির্বাহী খন্দকার মাজহারুল হক প্রথম আলোকে বলেন, এটা সংগঠনের অভ্যন্তরীণ বিষয়। কমিশনের সিদ্ধান্ত ছাড়াই কলরেট সাড়ে তিন সেন্ট পর্যন্ত বাড়ানো যায়। আর কলরেট বাড়লে সরকারেরও আয় বাড়বে।
এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, ‘আইওএফ কলরেট বাড়াবে বলে শুনেছি। তবে এ বিষয়ে আমরা কোনো লিখিত প্রস্তাব পাইনি। নিয়ম হচ্ছে আমাদের অনুমতি নেওয়া। আমাদের না জানিয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন করলে আমরা অন্যভাবে বিষয়টি জানতে পারব। তখন এই রেট বাড়ানোর পর কলের হার বাড়ল না কমল, তা আমরা মনিটরিং করব। কলের হার কমলে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
বিদেশ থেকে আসা প্রতিটি কল দেশে ঢোকে আইজিডব্লিউর মাধ্যমে। তারপর আইসিএক্সের মাধ্যমে তা সংশ্লিষ্ট অপারেটর বা এএনএসে পৌঁছায়। অপারেটর গ্রাহকের ফোনে কলটির সংযোগ দেয়। নিয়ম অনুযায়ী, প্রতি এক মিনিট কল থেকে যে আয় হয়, তার ৪০ শতাংশ বিটিআরসি, ১৭ দশমিক ৫ শতাংশ আইসিএক্স, ২২ দশমিক ৫ শতাংশ মোবাইল অপারেটর আর বাকি ২০ শতাংশ আইজিডব্লিউ কোম্পানিগুলো পেয়ে থাকে।
টেলিকম সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, সরকার কলরেট দুই সেন্ট করেনি, তাই রাজস্ব ভাগাভাগির টাকা সরকার দেড় সেন্ট থেকেই পাবে। ফলে কলরেট দুই সেন্ট হলে আধা সেন্টের পুরোটাই অপারেটরদের পকেটে যাবে। এ ছাড়া কলরেট বাড়লে বিদেশ থেকে যাঁরা দেশে কল করবেন, তাঁদেরও খরচ বাড়বে।
দেশে মোট ২৩টি ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটর থাকলেও গত ২৬ মার্চ প্রভাবশালীদের তত্ত্বাবধানে গঠিত সংগঠন আইজিডব্লিউ অপারেটর ফোরামের (আইওএফ) মধ্য থেকে সাতটিকে আন্তর্জাতিক কল পরিচালনার কর্তৃত্ব দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এত দিন প্রতিটি আইজিডব্লিউ অপারেটরের কাছেই বিদেশ থেকে কল আসত। কিন্তু বিটিআরসির নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো আইজিডব্লিউ অপারেটর আগের মতো সরাসরি আইটিসির সঙ্গে যোগাযোগ করতে পারে না। তারা সরাসরি কোনো অপারেটরের সঙ্গেও কল আদান-প্রদান করতেও পারে না। এ কাজটি করছে সাত আইজিডব্লিউ অপারেটর সুইচের ফোরাম (আইওএস) মাধ্যমে।