একতরফাভাবে মজুরি নির্ধারণের সুযোগ নেই: অধ্যাপক মো. কামাল উদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্প শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক মো. কামাল উদ্দীন

অধ্যাপক মো. কামাল উদ্দীন
অধ্যাপক মো. কামাল উদ্দীন

প্রথম আলো: তৈরি পোশাক খাতের শিল্পশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৩০০ টাকা। এ মজুরি নির্ধারণে আপনারা মানে বোর্ড কী কী বিষয় বিবেচনায় নিয়েছে?
কামাল উদ্দীন: ন্যূনতম মজুরি একটি মানবাধিকারের বিষয়। মজুরি বোর্ড চেষ্টা করেছে সুষ্ঠুভাবে আলোচনার মাধ্যমে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের। সে জন্য মালিক ও শ্রমিক দুই পক্ষ থেকেই প্রস্তাব চাওয়া হয়। দুই পক্ষই তাদের যুক্তি তথ্যসহকারে প্রস্তাব দেয়। পাশাপাশি আমরা দেশের কয়েকটি কারখানা পরিদর্শন করি। এ ছাড়া আইএলও মানে আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় দেশের বাইরে ভিয়েতনাম ও কম্বোডিয়া গিয়ে সেখানকার মজুরি নির্ধারণ-প্রক্রিয়া ও শিল্পকারখানার অবস্থা যাচাই করি। দেশে যেসব গবেষণা প্রতিষ্ঠান পোশাক খাত নিয়ে কাজ করছে, তাদের বিভিন্ন প্রতিবেদনও বিশ্লেষণ ও পর্যালোচনা করি। সংবাদপত্রের প্রতিবেদনও আমরা দেখি। এসব পর্যালোচনা করে শ্রমিকের উৎপাদনশীলতা ও জীবনধারণের ন্যূনতম প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। কেননা, ন্যূনতম মজুরি সেটাই  হতে হবে, যেটা দেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে শ্রমিকের জীবনধারণের জন্য দরকার। পাশাপাশি এ শিল্পে শ্রমিক কতটা উৎপাদনশীল, অর্থাৎ শিল্পের উৎপাদন কার্যক্রমে শ্রমিকের সক্ষমতা-দক্ষতা কতটা আছে, সেটাও বিবেচনায় নিতে হয়েছে। শ্রমিকের কাজ যদি শিল্পের প্রয়োজন না মেটাতে পারে, তাহলে মজুরির বিনিময়ে শিল্প মালিকেরা তো প্রয়োজনীয় উৎপাদন পাবেন না। অতিরিক্ত মজুরি ধরা হলে বেকারত্ব বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে।
প্রথম আলো: নিরপেক্ষ সদস্য হিসেবে মজুরি বোর্ডে আপনার মূল ভূমিকা কী?
কামাল উদ্দীন: মজুরি বোর্ডে মালিকপক্ষের একজন স্থায়ী ও একজন খাতওয়ারি প্রতিনিধি থাকেন। একইভাবে শ্রমিকপক্ষেরও একজন স্থায়ী ও একজন খাতওয়ারি প্রতিনিধি থাকেন। বোর্ড চেয়ারম্যান থাকেন একজন জেলা বিচারক। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক থাকেন নিরপেক্ষ সদস্য হিসেবে, যে দায়িত্ব আমি পালন করছি। নিরপেক্ষ সদস্য হিসেবে আমার কাজ হলো কোনো পক্ষের প্রতি আবেগ প্রদর্শন না করে, কোনো অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় সহযোগিতা করা। দুই পক্ষের উপস্থাপিত যুক্তি-তথ্য নির্মোহভাবে বাস্তবতার আলোকে যাচাই ও বিশ্লেষণ করা। আমি আমার দায়িত্ব যথাসম্ভব পালনের চেষ্টা করেছি।

প্রথম আলো: পোশাকশিল্প মালিকেরা অভিযোগ করছেন যে মজুরি বোর্ড শিল্পের সক্ষমতা বিবেচনায় নেয়নি। বোর্ডে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। বরং বোর্ড একতরফাভাবে মজুরি ঘোষণা করেছে। এসব অভিযোগের বিষয়ে আপনি কী বলবেন?

কামাল উদ্দীন: মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে কোনো পক্ষের অভিযোগ সম্পর্কে সরাসরি জবাব দেওয়া আমার জন্য হয়তো সমীচীন হবে না। তবে আমরা মোট নয়টি সভা করেছি। এসব সভায় পোশাকশিল্প খাতের সার্বিক পরিস্থিতি ও প্রবণতা নিয়ে আলোচনা হয়েছে। মপপশ মালিকপক্ষের সদস্যরা তাঁদের যুক্তি উপস্থাপন করেছেন। যেহেতু এটি দেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প খাত, এ খাতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, লাখ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে, সেহেতু এ খাতের শক্তিমত্তা ও দুর্বলতা দুই-ই বিবেচনায় নিতে হয়েছে। বিশ্ববাজারে প্রতিযোগিতা ও অভ্যন্তরীণ সমস্যাগুলো পর্যালোচনা করতে হয়েছে। আর যে মজুরি ঘোষণা করা হয়েছে, তা সবকিছু বিচার-বিবেচনা করে, আইন ও বিধি মেনে করা হয়েছে। একতরফাভাবে মজুরি ঘোষণার কোনো সুযোগ বোর্ডের নেই। বিদ্যমান ন্যূনতম মজুরি তিন হাজার টাকা। মালিকপক্ষ প্রথমে চেয়েছিল তা বাড়িয়ে তিন হাজার ৬০০ টাকা করতে। পরে তারা চার হাজার ৫০০ টাকার প্রস্তাব দেয়। অন্যদিকে শ্রমিকপক্ষ চেয়েছিল আট হাজার ১০০ টাকা। বোর্ডের অষ্টম সভায় আমি খাদ্য ভর্তুকি বাদে পাঁচ হাজার টাকা প্রস্তাব দিয়েছিলাম সার্বিক দিক বিবেচনায় নিয়েই। শেষ পর্যন্ত নবম সভায় ভোটাভুটির মাধ্যমে ন্যূনতম মজুরি খাদ্য ভর্তুকিসহ পাঁচ হাজার ৩০০ টাকা নির্ধারিত হয়েছে।

প্রথম আলো: প্রতিবারই পোশাক খাতের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে বড় ধরনের জটিলতা দেখা দেয়। মালিক ও শ্রমিক দুই পক্ষই তাদের অবস্থানে অনড় থাকে। শ্রমিক বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। এ রকম পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী?

কামাল উদ্দীন: ন্যূনতম মজুরি বোর্ড মোট ৪২টি খাতের মজুরি নির্ধারণের কাজ করে। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সহজেই ৪২টি খাতকে কমিয়ে ১০টি খাতেরও নিচে নামিয়ে আনা সম্ভব। এতে মজুরি নির্ধারণ প্রক্রিয়া অনেক সহজ হবে, বোর্ডের দক্ষতাও বৃদ্ধি পাবে, যার মাধ্যমে মালিক ও শ্রমিক আরও বেশি উপকৃত হবে। পরিধির বিচারে কোনো খাতই পোশাক খাতের সঙ্গে তুলনীয় নয়। তাই অন্য খাতে কত ও কীভাবে মজুরি নির্ধারণ হচ্ছে, তা নিয়ে কেউই তেমন কিছু জানে না, ভাবেও না। পোশাক খাতের ন্যূনতম মজুরি নির্ধারণ একটি স্পর্শকাতর বিষয়। সে জন্যই জটিলতা অনেক বেশি। এ বোর্ডকে সময়োপযোগীভাবে শক্তিশালী করে পুনর্গঠনের চিন্তা করা উচিত। মজুরি নির্ধারণে যথেষ্ট তথ্য-উপাত্ত, গবেষণা-বিশ্লেষণ পাওয়া উচিত। আমাদের দেশে তথ্যের ঘাটতি আছে, আছে তথ্যের বিভ্রান্তি। ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক সময় কঠিন হয়। এশিয়ার অনেক দেশেই এলাকাভিত্তিক ন্যূনতম মজুরি আছে। বাংলাদেশে ভবিষ্যতে সে রকম কিছু করা যায় কি না ভেবে দেখতে হবে। মজুরি বোর্ডে মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধির সংখ্যা আরও বাড়িয়ে স্থায়ী ভিত্তিতে মজুরি বোর্ড বা মজুরি কাউন্সিল গঠনের কথাও ভাবা যেতে পারে।

[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]