একনেক সভায় এক হাজার ১৬৩ কোটি টাকা ব্যয়ে নয়টি প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গতকাল বৃহস্পতিবার প্রায় এক হাজার ১৬৩ কোটি টাকা ব্যয়সংবলিত নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে ৩৩০ কোটি টাকা প্রকল্প সাহায্য রয়েছে।প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত প্রকল্পগুলো হলো: মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মহিষ উন্নয়ন প্রকল্প (কম্পোনেন্ট এ+বি); মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বৃহত্তর ফরিদপুর জেলার মত্স্য উন্নয়ন প্রকল্প; পানিসম্পদ মন্ত্রণালয়ের মেঘনা নদীর ভাঙন থেকে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা (হাইমচর) এবং বাঞ্ছারামপুর উপজেলার বাম তীর রক্ষা প্রকল্প; বাংলাদেশ নির্বাচন কমিশনের ট্রান্সলুসেন্ট ব্যালট বক্স (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প; বাংলাদেশ নির্বাচন কমিশনের কনস্ট্রাকশন অব উপজেলা অ্যান্ড রিজিওনাল সার্ভার স্টেশনস ফর ইলেকটোরাল ডেটাবেইস (সংশোধিত) প্রকল্প; বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জোরারগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ (সংশোধিত) প্রকল্প; সড়ক ও রেলপথ বিভাগের শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দুর্গাপুর সড়ক উন্নয়ন প্রকল্প; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ঢাকার গজনবী সড়কে মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে বহুতলবিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ প্রকল্প; স্থানীয় সরকার বিভাগের হাইজিন, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার সাপ্লাই প্রকল্প (প্রথম সংশোধিত)। তথ্য বিবরণী।