একনেকে আটটি প্রকল্প অনুমোদন
এক হাজার ৫৪৭ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে ৮৫৭ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং ৬৯০ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে।আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেট ঘোষণার দুই দিন আগে গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।গতকাল অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৯৪৫ কোটি টাকার হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প রয়েছে। প্রকল্পটি হাওরের জেলা কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার ২৮টি উপজেলায় বাস্তবায়িত হবে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও স্পেন ট্রাস্ট ফান্ড (এসটিএফ) প্রকল্পটির জন্য ৬৯০ কোটি টাকা দেবে। আগামী সাত বছরে প্রকল্পটি বাস্তবায়িত হবে।সভায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) কার্যক্রম সম্প্রসারণে ২৭১ কোটি টাকার আরেকটি প্রকল্প অনুমোদন করা হয়। সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও বাঘাবাড়ীতে তেল সংরক্ষণের কয়েক ট্যাংক নির্মাণ ও স্থাপন প্রকল্প রয়েছে।একনেক সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।