একনেকে তিন প্রকল্প অনুমোদন, তিনটি বাদ
৬৩৭ কোটি টাকার তিনটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মোট ব্যয়ের ৬২৩ কোটি টাকা জোগান দেওয়া হবে স্থানীয় উৎস থেকে, আর বাকি ১৪ কোটি আসবে প্রকল্প বাস্তবায়নকারীর নিজস্ব তহবিল থেকে।
আজ মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থিত সাংবাদিকদের বলেন ‘আজ একনেক সভায় ৬টি প্রকল্প ওঠার কথা থাকলেও ৩টি প্রকল্প শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়। এই ৩টি প্রকল্প ঢাকা সিটি করপোরেশনের আওতায় পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকৃত অর্থে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের কারণে নির্বাচন আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে সন্দেহে এই ৩টি প্রকল্প প্রত্যাহার করা হলো।’ সিটি করপোরেশনের নির্বাচন শেষে এই ৩টি প্রকল্প একনেকে উত্থাপন করা হবে বলে তিনি জানান।
অনুমোদিত প্রকল্পগুলো হলো ৪৪২ কোটি টাকার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়ককে উন্নীতকরণ প্রকল্প, ৭২ কোটি টাকার ঢাকা-বরিশাল অভ্যন্তরীণ নৌরুটে পরিচালনার জন্য ২টি নতুন যাত্রীবাহী জাহাজ সংগ্রহ প্রকল্প এবং ১২৩ উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের প্রাথমিক অবকাঠামো নির্মাণ প্রকল্প।