একনেকে পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হাজার ৩৫৪ কোটি টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি নিজস্ব তহবিল থেকে দেবে ১ হাজার ৩২৫ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ২৯ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর তিনটি নতুন এবং দুটি সংশোধিত।
একনেক সভায় গতকাল মঙ্গলবার এ প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
১৯০ কোটি টাকার খাগড়াছড়ি জেলার বিভিন্ন সড়কে পিসি গার্ডার সেতু, আরসিসি সেতু এবং আরসিসি বক্স-কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে পুরোনো ও ক্ষতিগ্রস্ত বেইলি সেতুর জায়গায় ৩৪টি পিসি গার্ডার সেতু, নয়টি আরসিসি সেতু এবং ১০টি আরসিসি বক্স-কালভার্ট নির্মাণ করা হবে। এটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে। ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৭ ডিসেম্বর মাস পর্যন্ত প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিদ্যমান বেইলি ব্রিজগুলোর আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। কিন্তু এর ওপর দিয়ে এখনো ভারী যানবাহন চলাচল অব্যাহত রয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আবাসন সংকট দূর করতে গতকালের একনেক সভায় একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৭০ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় শিক্ষার্থী আবাসন সংকট দূর করতে একটি করে ছাত্র ও ছাত্রী হল। আর শিক্ষক-কর্মকর্তাদের ১০ তলা কোয়ার্টার্স নির্মাণ করা হবে।
এ ছাড়া একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো ৭৮ কোটি টাকার কুষ্টিয়া শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প, ৯৭৬ কোটি টাকার শিক্ষার মানোন্নয়নের লক্ষে৵ জেলা সদরে অবস্থিত সরকারি পোস্ট-গ্র্যাজুয়েট কলেজসমূহের উন্নয়ন প্রকল্প এবং ৯ কোটি ৭৬ লাখ টাকার ইম্প্রুভমেন্ট কম্পোনেন্ট ফর ভার্নারেবল গ্রুপ ডেভেলপমেন্ট কর্মসূচি।
সভা শেষে প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় তিনি আরও জানান, গত ডিসেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি (পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে) ৬ দশমিক ১১ শতাংশ। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে যাওয়ায় দেশে মূল্যস্ফীতি কমেছে। উল্লেখ্য, গত নভেম্বর মাসে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ২১ শতাংশ।