একনেকে প্রায় ১০ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৬৬৪ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে দেশজ উৎস থেকে জোগান দেওয়া হবে ৪ হাজার ২৫৫ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৪ হাজার ৮৭৬ কোটি টাকা। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা দেবে ৫৩৩ কোটি টাকা।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
গতকালের একনেকে অনুমোদিত সবচেয়ে বড় প্রকল্পটি নৌপথ খননের। ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন’ শীর্ষক এ প্রকল্পে খরচ হবে ৩ হাজার ২০০ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে আশুগঞ্জ পর্যন্ত প্রায় ৩০০ কিলোমিটার নৌপথ খনন করা হবে। এটি দেশের প্রধান নৌপথ। খননের পাশাপাশি এ পথের যাত্রীবাহী ও পণ্য পরিবহনের টার্মিনালগুলোর উন্নয়ন করা হবে। দিন-রাত ২৪ ঘণ্টা চলাচলের উপযোগী করে তোলা হবে এ পথটি। এতে ঢাকা-চট্টগ্রাম পথে যাত্রা সময় ১০ ঘণ্টা কমে ৩০ ঘণ্টায় নেমে আসবে। এ প্রকল্প ব্যয়ের ২ হাজার ৮৮০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) প্রকল্পটি ২০২৪ সালের জুন মাসের মধ্যে বাস্তবায়ন করবে। প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, দেশের ৮০ শতাংশ অভ্যন্তরীণ নৌযান এ পথে চলাচল করে। আর দিনে প্রায় দুই লাখ যাত্রী এই জলপথ ব্যবহার করেন।
একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ২৮৭ কোটি টাকা ব্যয়ে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা-মেহেরপুর-মুজিবনগর সড়ক উন্নীতকরণ; ৯৭ কোটি টাকা ব্যয়ে ১৯টি নৌ পুলিশ ফাঁড়ি ও ব্যারাক নির্মাণ; ৭০ কোটি টাকায় জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কে তিনটি পিসি গার্ডার সেতু নির্মাণ; ২ হাজার ৯৮২ কোটি টাকা ব্যয়ে গ্রিডভিত্তিক বিদ্যুৎ সরবরাহে দক্ষতা উন্নয়ন; ৯১০ কোটি টাকার তিতাস গ্যাস ফিল্ডের লোকেশনে অয়েল হেড কম্প্রেসর স্থাপন; ৮৭০ কোটি টাকার পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন এবং পুনর্বাসন; ৩২৫ কোটি টাকার নোয়াখালী এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে বন্যানিয়ন্ত্রণ ও নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন; ২৩৭ কোটি টাকার কুমার নদ পুনঃখনন; ২৯২ কোটি টাকার বিদ্যমান পুলিশ হাসপাতালসমূহের আধুনিকীকরণ; ২৭৮ কোটি টাকার চট্টগ্রামের পতেঙ্গায় বিএনএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ এবং ১১৬ কোটি টাকার ঢাকা সিএমএইচ সম্প্রসারণ ও আধুনিকীকরণ (২য় পর্যায়) প্রকল্প।
একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।