একনেকে প্রায় ২৩ হাজার কোটি টাকার ১০ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর প্রায় দুই কোটি মানুষের নিরাপত্তা দিতে পুলিশের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। এর পাশাপাশি অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি), ভিআইপি, দেশি-বিদেশি সম্মানিত ব্যক্তিদের নিরাপত্তা দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য তৈরি হচ্ছে ২০০ কোটি টাকার প্রকল্প।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপারেশন সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় মোটরসাইকেল, বাস, ট্রাক, প্রিজনারস ভ্যান, প্রোটেকশন জিপ কেনা হবে। ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
গতকালের একনেকে মোট ২২ হাজার ৮৭৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে দেশজ উৎস থেকে দেওয়া হবে ৮ হাজার ৬৬৮ কোটি টাকা। প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ১৩ হাজার ৬২৩ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা দেবে ৫৮৫ কোটি টাকা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন।
একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেনদেনিং প্রজেক্ট; পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন, পুনর্বাসন ও নিবিড়করণ (ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ); একই বোর্ডের বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন, পুনর্বাসন ও নিবিড়করণ (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ); সিরাজগঞ্জে শিল্পপার্ক স্থাপন; গ্যাস ট্রান্সমিশন ক্যাপাসিটি এক্সপানশন (আশুগঞ্জ টু বাখরাবাদ); চট্টগ্রামের মুরাদপুর ২ নম্বর গেট ও জিইসি জংশনে ফ্লাইওভার নির্মাণ; ঢাকার গুলশান, ধানমন্ডি, মোহাম্মদপুরে ২০ পরিত্যক্ত বাড়িতে ৩৯৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ; টঙ্গী-কালিগঞ্জ-ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক মহাসড়কের শহীদ ময়েজউদ্দিন সেতু থেকে পাঁচদোনা পর্যন্ত জাতীয় মহাসড়ক মানে উন্নীতকরণ এবং কক্সবাজার জেলার বাকখালী নদী বন্যানিয়ন্ত্রণ, নিষ্কাশন, সেচ ও ড্রেজিং প্রকল্প।