একনেকে ১,৪৮৮ কোটি টাকা ব্যয়ের ৭ প্রকল্প অনুমোদন
নারী কারারক্ষীদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পসহ ১ হাজার ৪৮৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ের সাতটি প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে ১ হাজার ৪৩০ কোটি ৭৭ লাখ টাকা। আর বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় করা হবে।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে এসব প্রকল্প অনুমোদন করা হয়।
বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, নারী কারারক্ষীদের আবাসন, পানি সরবরাহ ও বিদ্যুৎ-ব্যবস্থার উন্নয়ন করা জরুরি। এ ছাড়া প্রশিক্ষণের মাধ্যমে কারা অধিদপ্তরের দক্ষতাও বাড়ানো দরকার। এ জন্য কারারক্ষীদের জন্য আবাসন-সুবিধা সৃষ্টির প্রকল্প নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, প্রকল্পটির আওতায় ১৪টি জেলায় ১৪টি নতুন ভবন নির্মাণ ও ২৬টি জেলায় বিদ্যমান আবাসিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৯৩ কোটি ৯৭ লাখ টাকা। এটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০১৯ সালের জুন পর্যন্ত।
অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জামালপুর ও শেরপুর জেলার পল্লি অবকাঠামো উন্নয়ন, যা বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৮৮ কোটি ৮১ লাখ টাকা। ঢাকা মহানগরীতে ১১টি মাধ্যমিক ও ৬টি সরকারি মহাবিদ্যালয় স্থাপনে নেওয়া হয়েছে ২৯৩ কোটি ৫ লাখ টাকার প্রকল্প। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়নে ১৫৬ কোটি ৮৪ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের জন্য ১২০ কোটি ৫ লাখ টাকার ব্যয় অনুমোদন করা হয়েছে। মুন্সিগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট জেলায় ৫টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২৪৪ কোটি ১৮ লাখ টাকা। এ ছাড়া ১৯১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন রাস্তা, ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণ এবং বৃক্ষরোপণ প্রকল্প একনেক সভায় অনুমোদন করা হয়েছে।
একনেক বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।