একনেকে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদিত
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রায় এক হাজার ৯৯৩ কোটি টাকা ব্যয়সংবলিত ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি রয়েছে অর্থায়ন এক হাজার ২৬৩ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৭৩০ কোটি টাকা।প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত প্রকল্পগুলো হলো: সড়ক ও রেলপথ বিভাগের ‘১০টি ব্রড গেজ (বিজি) ডিজেল ইলেকট্রিক (ডিই) লোকোমোটিভ সংগ্রহ প্রকল্প’; সড়ক ও রেলপথ বিভাগের ‘বাংলাদেশ রেলওয়ের জন্য ১২৫টি বিজি যাত্রীবাহী গাড়ি সংগ্রহ প্রকল্প’; সড়ক ও রেলপথ বিভাগের ‘কনটেইনার পরিবহনের জন্য ৫০টি এমজি ফ্ল্যাট ওয়াগন (বিএফসিটি), এয়ার ব্রেকসহ পাঁচটি এমজি ব্রেক ভ্যান সংগ্রহ প্রকল্প’; সড়ক ও রেলপথ বিভাগের ‘বাংলাদেশ রেলওয়ের জন্য ১৮০টি বিজি বগি ওয়েল ট্যাংক ওয়াগন এবং ছয়টি বিজি বগি ব্রেক ভ্যান সংগ্রহ প্রকল্প’; সড়ক ও রেলপথ বিভাগের ‘ঢাকা শহরের জুরাইন রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প’; স্থানীয় সরকার বিভাগের ‘সিলেট সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প’; বিদ্যুৎ বিভাগের ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ রাজশাহী ও রংপুর বিভাগীয় কার্যক্রম-১ প্রকল্প’; বিদ্যুৎ বিভাগের ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ বরিশাল বিভাগীয় কার্যক্রম-১ প্রকল্প’; শিল্প মন্ত্রণালয়ের ‘একটি চিনিকলসংক্রান্ত প্রকল্প’; কৃষি মন্ত্রণালয়ের ‘সেচকাজে বিএডিসির অঢ়ালু/অকেজো নলকূপ সচলকরণ প্রকল্প’।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর চার উপদেষ্টা এইচটি ইমাম, মশিউর রহমান, আলাউদ্দিন আহমেদ ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক সভার কার্যক্রমে অংশ নেন।সভায় মন্ত্রিপরিষদসচিব, মুখ্যসচিব, পরিকল্পনাসচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।