একনেকে ১১ প্রকল্প অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ১৭ কোটি টাকার ব্যয়সংবলিত মোট ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।
এসব প্রকল্পের মোট ব্যয়ের ২ হাজার ১৭৬ কোটি টাকা বাংলাদেশ সরকার জোগান দেবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে ২৪ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৪ হাজার ৮১৭ কোটি টাকা।
অনুমোদিত মোট ১১টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ১০টি এবং সংশোধিত একটি প্রকল্প রয়েছে। খবর বাসসের।
রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার একনেকের এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একনেকের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় ৮৬৮ কোটি টাকা ব্যয়ে ‘ন্যাশনাল গ্যাস এফিশিয়েন্সি’ নামে একটি প্রকল্প অনুমোদন করা হয়। জাপানি উন্নয়ন সংস্থা জাইকার আর্থিক সহায়তায় গ্যাসের চাপ বাড়াতে দুটি গ্যাসফিল্ডে মোট ছয়টি ওয়েলহেড কম্প্রেশার স্থাপনই এই প্রকল্পের মূল লক্ষ্য। বাংলাদেশ গ্যাসফিল্ডস কোম্পানি লিমিটেড এই প্রকল্পটি ২০২০ সালের জুন মাসের মধ্যে বাস্তবায়ন শেষ করবে।
এদিকে গ্যাসের অপচয় ও সিস্টেম লস ঠেকাতে এখন থেকে সব গ্যাস-সংযোগ প্রি-পেইড মিটারভিত্তিক করা হচ্ছে। আর এ-সম্পর্কিত ন্যাচারাল গ্যাস এনার্জি এফিশিয়েন্সি প্রকল্প নামে আরেকটি প্রকল্পও সভায় অনুমোদিত হয়। এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় দুই ধাপে মোট ৬০ হাজার গৃহস্থালি প্রি-পেইড মিটার স্থাপন করা হবে।
সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এ প্রকল্পের আওতায় চট্টগ্রামের গৃহস্থালিতে প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন করা হবে। পর্যায়ক্রমে দেশব্যাপী সবক্ষেত্রেই প্রি-পেইড গ্যাস মিটার বসানো হবে।’
প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৪৬ কোটি টাকা। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএস) জুলাই ২০১৪ থেকে ডিসেম্বর ২০২০ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
একনেকের সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যক্রমকে আরও যুগোপযোগী ও আধুনিকায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ১৯৯ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর আওতায় উদ্ধারকাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতিসহ বিভিন্ন যন্ত্র কেনা হবে।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ২০১৭ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি শেষ করবে।
এ ছাড়া একনেকের সভায় ‘বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র’ (এমডিএসপি) এবং ‘চট্টগ্রাম-সন্দীপ-হাতিয়া-বরিশাল উপকূলীয় রুটে দক্ষ যাত্রীবাহী জাহাজ নির্মাণ’ নামে ৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। দেশের ২২টি নদীবন্দরে আবহাওয়া পর্যবেক্ষণাগার নিশ্চিত করতে ‘বাংলাদেশের ১৩টি নদীবন্দরে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার নির্মাণ’ প্রকল্প নামে আরও একটি প্রকল্প অনুমোদিত হয়।
একনেক সভায় ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (ষষ্ঠ পর্যায়)’ শীর্ষক একটি প্রকল্পের অনুমোদন দেয়। ইসলামিক ফাউন্ডেশন জানুয়ারি ২০১৫ থেকে ডিসেম্বর ২০১৯ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৫০৬ কোটি টাকা।
এ ছাড়া সভায় ‘ইকোনমিক এমপাওয়ারমেন্ট অব দ্য পুরেস্ট ইন বাংলাদেশ (ইইপি)—দ্বিতীয় সংশোধিত’, ‘রংপুর বিভাগে মৎস্য উন্নয়ন’, ‘সোনাইমুড়ী, কালীগঞ্জ, আড়াইহাজার এবং মঠবাড়িয়া উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও হোস্টেল নির্মাণ’, ‘ব্রুড ব্যাংক স্থাপন (তৃতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।