একনেকে ১১৫টি সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়নি
এক হাজার ৪১৯ কোটি টাকার তিনটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
প্রকল্পগুলোতে যে অর্থ ব্যয় হবে তার পুরোটাই স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে। আর প্রকল্প তিনটি নতুন করে সংশোধন করা হয়েছে। এসব
প্রকল্পে বিদেশি কোনো সহায়তা নেওয়া হবে না।
পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে গতকাল অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
তবে একনেক বৈঠকে দেশের ১১৫টি সড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়নি।
যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন এসব সড়ক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হওয়ার বিষয়টি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মানতে পারেনি। তাই ‘সওজ অধিদপ্তর হতে স্থানান্তরিত ১১৫টি সড়ক উন্নয়ন’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়নি।
সভা সূত্রে জানা গেছে, এই প্রকল্পটি অনুমোদনের জন্য একনেকে উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী নিজেই এতে আপত্তি করেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন সড়ক ও জনপথ বিভাগের কাজ কী কারণে স্থানীয় সরকারের অধীনে হবে, দেশের কোথায় এসব সড়কের অবস্থান, তা দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রতিবেদন আকারে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।
‘ডিজিটাল বাংলাদেশের জন্য এনজিএন-ভিত্তিক টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপন’ প্রকল্পটিরও অনুমোদন দেয়নি একনেক।
সভায় যেসব প্রকল্প অনুমোদিত হয় সেগুলো হলো: এক হাজার ১৯৯ কোটি টাকার উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ (সংশোধিত) প্রকল্প, ১৩১ কোটি টাকার দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান সহায়তা প্রকল্প (সংশোধিত) এবং ৮৯ কোটি টাকার শিরনিরটেক থেকে গাবতলী সেতু পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (সংশোধিত) প্রকল্প।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন।