একনেকে ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এক হাজার ১৪৮টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ১৯০ কোটি টাকার কনস্ট্রাকশন অব ক্লিনারস কলোনি অব ঢাকা সিটি করপোরেশন প্রকল্পের আওতায় ১৩টি দশতলা ভবনে ৪৭২ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ করা হবে। ধলপুর ও দয়াগঞ্জে পাঁচটি করে এবং সূত্রাপুরে তিনটি ভবন নির্মিত হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।
একনেক সভায় উপকূলীয় অঞ্চলের বাঁধসমূহ পুনর্বাসন ও উন্নয়ন এবং পোল্ডারগুলোর অভ্যন্তরীণ নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে তিন হাজার ২৮০ কোটি টাকা ব্যয়ে কোস্টাল এমব্যাংকমেন্ট ইমপ্রুভমেন্ট নামের আরেকটটি প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পটি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী জেলার ১৬টি উপজেলায় বাস্তবায়িত হবে।
সভায় ১০ হাজার ৯২২ কোটি টাকার মোট ১২টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে পাঁচ হাজার ৮৩৮ কোটি টাকা জোগান দেওয়া হবে। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে পাঁচ হাজার ৮৪ কোটি টাকা।
সভায় অনুমোদিত অন্য উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: দুই হাজার ২৫৩ কোটি টাকার নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এক হাজার ৯৮৯ কোটি টাকার ডেসকোর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প, ৯৪৬ কোটি টাকার ডেসকো এলাকায় ১৩২/৩৩/১১ কেভি গ্রিড সাবস্টেশন নির্মাণ প্রকল্পগু।
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।