একনেকে ১৪১৯ কোটি টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী পর্ষদ (একনেক) প্রায় এক হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়সংবলিত পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এই ব্যয়ের মধ্যে এক হাজার ৩৯ কোটি টাকা সরকারি তহবিল থেকে জোগান দেওয়া হবে এবং বাকি ৩৮০ কোটি টাকা আসবে প্রকল্প-সহায়তা বাবদ।প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই অনুমোদন দেওয়া হয়। একনেকের সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের উন্নয়নের অগ্রাধিকার বিবেচনা করে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। যে পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে—পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে চন্দনা-বারাসিয়া নদীখনন প্রকল্প, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস স্থাপন, সড়ক ও রেলপথ বিভাগের অধীনে বাউশী-গোপালপুর-ভূয়াপুর সড়ক নির্মাণ (মধুপুর সংযোগ সড়ক), গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামের কদমতলী জংশনে ফ্লাইওভার নির্মাণ এবং বিদ্যুৎ বিভাগের অধীনে সিরাজগঞ্জ ১৫০ মেগাওয়াট গ্যাস টারবাইন (সর্বোচ্চ চাহিদার সময়ে চালানোর জন্য) বিদ্যুৎ প্রকল্প (সংশোধিত প্রস্তাব)।