একনেকে ২ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
সিলেটের ওসমানী বিমানবন্দরে বোয়িং ৭৭৭-এর মতো সুপরিসর উড়োজাহাজ নিরাপদে অবতরণ ও উড্ডয়নের জন্য সুযোগ তৈরি করা হবে। এ জন্য রানওয়ে ও টেক্সিওয়ে শক্তিশালী করা হবে। বিমানবন্দরের উন্নয়নকাজের জন্য ৪৫২ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ে শক্তি বৃদ্ধিকরণ প্রকল্প পাস করা হয়েছে।
শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত একনেকের সভায় প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
২০১৭ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) প্রকল্পটি বাস্তবায়ন করবে। পরিকল্পনা কমিশন বলছে, এই জেলার অনেক মানুষ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে অভিবাসী হিসেবে বাস করেন। এ ছাড়া প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ সিলেট থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে যাতায়াত করেন। ফলে ওসমানী বিমানবন্দর থেকে সুপরিসর উড়োজাহাজ চলাচল বাড়ছে। ভবিষ্যতে আরও বাড়বে।
এ প্রকল্পটিসহ গতকালের একনেকে ২ হাজার ৭২ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। পুরো টাকা দেশজ উৎস থেকে জোগান দেওয়া হবে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন।
একনেকে অনুমোদিত অন্য প্রকল্প হলো ২৭৬ কোটি টাকার যমুনা নদীর ডান তীরের ভাঙন হতে গাইবান্ধা জেলার সদর উপজেলা এবং গণকবরসহ ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থাপনা রক্ষা; ৩৯ কোটি ৪৯ লাখ টাকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (গোপালগঞ্জ অঞ্চল); ১৮২ কোটি টাকার পটুয়াখালী-কুয়াকাটা সড়কে শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও শেখ রাসেল সেতু নির্মাণ; ১২৮ কোটি ৫৪ লাখ টাকার দুটি সংযোগ সড়ক (নিরালা অ্যাভিনিউ ও খুলনা বিশ্ববিদ্যালয় অ্যাভিনিউ) নির্মাণ; ৩২০ কোটি টাকার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উন্নয়ন; ৫২ কোটি টাকার বরিশাল বিসিক শিল্পনগরের অনুন্নত এলাকা উন্নয়ন এবং উন্নত এলাকার অবকাঠামো মেরামত ও পুনর্নির্মাণ এবং ২৬৫ কোটি ৪৬ লাখ টাকার শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড এনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প।