একনেকে ২,৪৫২ কোটি টাকায় আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন
দুই হাজার ৪৫২ কোটি টাকার আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
এর মধ্যে এক হাজার ৭৮২ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। আর ৬৭০ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে বৈদেশিক মুদ্রায় পাওয়া যাবে।
গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
৩০৭ কোটি টাকায় নেওয়া একটি প্রকল্পে ঢাকার পূর্বাচল, মোহাম্মদপুর, খিলগাঁও, মিরপুর (পল্লবী) ও কামরাঙ্গীর চরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আঞ্চলিক ব্যাটালিয়নের কার্যালয় নির্মাণ করা হবে। এ ছাড়া গাজীপুরে র্যাবের প্রশিক্ষণ কমপ্লেক্স নির্মিত হবে।
৭৫১ কোটি টাকার ‘দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অনগ্রসর উপজেলাসমূহের গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি সংশোধিত আকারে অনুমোদন দেওয়া হয়েছে। পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, রাজশাহী, নবাবগঞ্জ ও বগুড়া জেলার ৫৩টি উপজেলাকে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুমোদিত অন্য প্রকল্প হলো ৫৪ কোটি টাকার সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ স্থাপন প্রকল্প; ৪০৫ কোটি টাকার বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য সমুদ্রগামী জলযান সংগ্রহ ও অবকাঠামো নির্মাণ প্রকল্প; ৯৯ কোটি টাকার খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প; ৫১ কোটি টাকার তাঁতশিল্প এলাকায় তিনটি সেবাকেন্দ্র নির্মাণ প্রকল্প; ৩২ কোটি টাকার নরসিংদীর মাধবদীতে কাপড় প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের বিএমআরই প্রকল্প এবং ৮৩ কোটি টাকার উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি প্রকল্প।
একনেকের সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।