একনেকে ২৪৭৫ কোটি টাকার ছয় প্রকল্প অনুমোদন
ইন্টারনেট জগতে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি করতে সরকার উদ্যোগ নিয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে বাংলা ভাষা ব্যবহারের জন্য ১৬টি সফটওয়্যার উন্নয়ন করা হবে। এ ছাড়া বাংলা কম্পিউটিং প্রতিষ্ঠায় নানা উন্নয়নমুখী গবেষণা করা হবে। এ জন্য সরকার ১৫৯ কোটি টাকার প্রকল্প নিয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
প্রকল্পটিসহ সভায় ২ হাজার ৪৭৫ কোটি টাকার ছয় প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অন্য প্রকল্পগুলো হলো দেশের ১৫৬টি উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন; সড়ক অবকাঠামো নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য সরঞ্জাম ও যন্ত্রপাতি সংগ্রহ; লাঙ্গলবন্দ মহাষ্টমী পুণ্যস্নান উৎসবের অবকাঠামো উন্নয়ন; ভোলার মেঘনা নদীর ভাঙন থেকে মনপুরা উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট এলাকা এবং তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে চরফ্যাশন উপজেলার ঘোষেরহাট লঞ্চঘাট এলাকা রক্ষা এবং গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অ্যাপ্রোচ সড়ক প্রশস্তকরণ ও অন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প।