একনেকে ২৮০৫ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন
দুই হাজার ৮০৫ কোটি টাকার পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে দেশজ উৎস থেকে দেওয়া হবে এক হাজার ৯৩২ কোটি টাকা। আর বিদেশি সহায়তা হিসেবে পাওয়া যাবে ৮৭৩ কোটি টাকা।
আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ সব প্রকল্প অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হলো-এক হাজার ১৬৩ কোটি টাকার চট্টগ্রাম জেলার মিরসরাই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) বন্যা নিয়ন্ত্রণ, সড়ক ও বেড়িবাঁধ প্রতিরক্ষা এবং নিষ্কাশন; ৭১৭ কোটি টাকার জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জামালপুর নার্সিং কলেজ স্থাপন; ১২৭ কোটি টাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং তদন্ত সহায়ক যন্ত্রপাতি ক্রয়; ৫৮১ কোটি টাকার বিআরটিসির জন্য দ্বিতল, একতলা এসি ও নন-এসি বাস সংগ্রহ এবং বিআরটিসির জন্য ট্রাক সংগ্রহ প্রকল্প।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় বিআরটিসির জন্য বাস-ট্রাক কেনা হচ্ছে।