একনেকে ৩১৩৬ কোটি টাকার আট উন্নয়ন প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন হাজার ১৩৬ কোটি টাকার আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে এক হাজার ৪১৪ কোটি টাকা। আর এক হাজার ৬৮২ কোটি টাকা প্রকল্প সহায়তা ও ৪০ কোটি টাকা জাপানের ঋণ মওকুফ তহবিল (জেডিসিএফ) থেকে পাওয়া যাবে। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো: স্থানীয় সরকার বিভাগের অধীনে দুই হাজার ৬০৩ কোটি টাকার পল্লি উন্নয়ন প্রকল্প (অবকাঠামো উন্ন্নয়ন: ২৬, বৃহত্তর ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম এবং নোয়াখালী জেলা, তৃতীয় সংশোধিত); শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৯১ কোটি টাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প; তথ্য মন্ত্রণালয়ের অধীনে ৩৪ কোটি টাকার শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম তৃতীয় পর্যায় (সংশোধিত) প্রকল্প; স্থানীয় সরকার বিভাগের অধীনে ৭৯ কোটি টাকার রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প; ৪৯ কোটি টাকার পলিউশন কন্ট্রোল মেজারস অব গুলশান-বারিধারা লেক বাই ডাইভার্টিং দ্য ড্রেনেজ আউটলেটস প্রকল্প; সড়ক ও রেলপথ বিভাগের অধীনে ৭৮ কোটি টাকার বিভাগীয় সদর রংপুরের সওজের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প; ১৬৯ কোটি টাকার বাংলাদেশ রেলওয়ের লাকসাম-চাঁদপুর সেকশনের পুনর্বাসন প্রকল্প এবং ৩৩ কোটি টাকার মাগুরা-মহম্মদপুর-কালিশঙ্করপুর-নোহাটা-লোহাগড়া সড়ক উন্নয়ন (মাগুরা অংশ) প্রকল্প। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার ও পরিকল্পনাসচিব মনজুর হোসেন সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন। সভায় অর্থমন্ত্রী ও একনেকের বিকল্প চেয়ারম্যান আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।