সাড়ে ২৬ লাখ প্রাথমিক শিক্ষার্থী বিদ্যালয়ে পুষ্টিসমৃদ্ধ বিস্কুট পাবে
একনেকে ৩৬৯২ কোটি টাকার ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) তিন হাজার ৬৯২ কোটি টাকার মোট ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে এক হাজার ৮৯৮ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং অবশিষ্ট এক হাজার ৭৯৪ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে। এই প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো প্রায় সাড়ে ২৬ লাখ প্রাথমিক শিক্ষার্থীর জন্য স্কুলে পুষ্টিকর খাদ্য সরবরাহের লক্ষ্যে দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি। সংশোধিত আকারে অনুমোদিত প্রকল্পটির ব্যয় হবে এক হাজার ৫৭৮ কোটি টাকা। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। একনেক সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। খাদ্যনিরাপত্তাহীন এলাকার প্রাথমিক বিদ্যালয়সমূহে ছাত্র ভর্তি ও উপস্থিতির হারের পাশাপাশি পুষ্টির মান বৃদ্ধির মাধ্যমে এসব শিক্ষার্থীর স্বাস্থ্যের উন্নয়ন ও শিক্ষা গ্রহণের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই কর্মসূচিটি নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় দেশের ছয়টি বিভাগের নির্বাচিত ৭২টি উপজেলার সরকারি ও নিবন্ধিত বেসরকারি প্রাইমারি স্কুল, কমিউনিটি স্কুল, ইবতেদায়ি মাদ্রাসা, শিশুকল্যাণ ট্রাষ্ট স্কুল ও অনুমোদনপ্রাপ্ত বেসরকারি স্কুলের ২৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে প্রতি স্কুল দিবসে ৭৫ গ্রাম পুষ্টিসমৃদ্ধ বিস্কুট সরবরাহ করা হবে। সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভূইয়া শফিকুল ইসলাম অনুমোদিত প্রকল্পসমূহের বিভিন্ন দিক সাংবাদিকদের অবহিত করেন। সভায় দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও টাঙ্গাইলের এলেঙ্গায় দুটি কম্প্রেসর স্টেশন স্থাপন প্রকল্পও অনুমোদন করা হয়। প্রকল্পটির ব্যয় এক হাজার ৪৯৪ কোটি টাকা। এতে এডিবির ঋণ ৯১৯ কোটি টাকা।সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো: ১০৫ কোটি টাকার বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ প্রকল্প; ২০২ কোটি টাকার শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্প; ৭১ কোটি টাকার স্ট্রেংদেনিং মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ক্যাপাবিলিটিজ অব আইএমইডি প্রকল্প; ৫৬ কোটি টাকার সুস্বাদু পানির চিংড়ি চাষ সম্প্রসারণ প্রকল্প; ৪৫ কোটি টাকার কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলাধীন ধলেশ্বরী নদীর ওপর ৩৪১ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প; ৩৪ কোটি টাকার শেখ রাসেল এভিয়ারি ও ইকোপার্ক স্থাপন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম প্রকল্প; ৩৪ কোটি টাকার উল্লাপাড়া পূর্ণিমাগাতী-তাড়াশ এবং পোড়াবাড়ী-কামারখন্দ-নলকা সড়কে দুটি পিসি গার্ডার সেতু ও চারটি বেইলি সেতুর সুপার স্ট্রাকচার নির্মাণ প্রকল্প; এবং ৭৩ কোটি টাকার এস্টাবিলশমেন্ট অব টেন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটস প্রকল্প।