একনেকে ৪,২৫৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক শিক্ষার সংস্কার ও গুণগত মানোন্নয়নে এক হাজার ৬৫৮ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গতকাল মঙ্গলবার এ প্রকল্প অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

‘সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক এ প্রকল্প নেওয়া হয়।

সভায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন লালবাগ, বাসাবো, মানিকনগর, বংশাল, জুরাইন ও নারায়ণগঞ্জ পূর্ব—এই ছয়টি গ্রাহকসেবা বিভাগে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ প্রি-পেইড মিটারিং চালুর লক্ষ্যে অপর একটি প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পটির মাধ্যমে এক লাখ ৪৪ হাজার ৫০০ প্রি-পেইড মিটার স্থাপন করা হবে।  প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৭৩ কোটি টাকা।

গতকালের সভায় চার হাজার ২৫৩ কোটি টাকার মোট ১৫টি প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্প ব্যয়ের মধ্যে তিন হাজার ১২৩ কোটি টাকা স্থানীয় উৎস থেকে এবং এক হাজার ১৩০ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ১৭২ কোটি টাকার যশোরে বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ প্রকল্প; ৬১ কোটি টাকার তথ্য ভবন নির্মাণ প্রকল্প; ১৭২ কোটি টাকার উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্প; ১১০ কোটি টাকা চাষি পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প; ১১৬ কোটি টাকার যশোর জেলাধীন ভবদহ এবং তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প।