একনেকে ৫ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলোতে মোট ব্যয় হবে ৫ হাজার ১৮০
কোটি টাকা। এর মধ্যে স্থানীয় উৎস থেকে জোগান দেওয়া হবে ৪ হাজার ৪৬২ কোটি টাকা এবং বিদেশে সহায়তা হিসেবে পাওয়া যাবে ৬৯৮ কোটি টাকা। আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা দেবে ২০ কোটি টাকা।
গতকাল বুধবার শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে একনেকের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা। একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন।
গতকালের একনেকের সভায় ৬৬৫ কোটি টাকার সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প পাস হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সাংসদেরা তাঁদের নিজেদের এলাকায় পছন্দ অনুযায়ী মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন করতে পারবেন। এ জন্য প্রতিটি উপজেলায় এক কোটি টাকা করে বরাদ্দ থাকবে।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, সাংসদেরা সরাসরি বরাদ্দ পাবেন না। তাঁদের পছন্দ অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করে দেবে।
একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ১ হাজার ২১৪ কোটি টাকায় সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; ৯৮৬ কোটি টাকায় বৃহত্তর কুমিল্লার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (৩য় পর্যায়); ১৯৭ কোটি টাকায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পোল্ডার নম্বর ৭২-এর ভাঙনপ্রবণ এলাকায় স্লোপ প্রতিরক্ষাকাজের মাধ্যমে পুনর্বাসন; ৯৯২ কোটি টাকায় বাংলাদেশের ২৩টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন; ১০০ কোটি টাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসন নির্মাণ; ৬৫ কোটি টাকায় আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌলতপুর-টাঙ্গাইল সড়কের ষষ্ঠ কিলোমিটারে ১০৩ দশমিক ৪৩ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ; ৩৯৮ কোটি টাকা ব্যয়ে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন (২য় সংশোধিত); ৪৬৫ কোটি টাকায় যমুনা নদীর ভাঙন হতে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার খুদবান্দি, সিংড়াবাড়ী ও শুভগাছা এলাকা সংরক্ষণ এবং ৯৮ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জে বহুতলবিশিষ্ট সমন্বিত সরকারি অফিস ভবন নির্মাণ প্রকল্প।