একনেকে ৬৩৭ কোটি টাকার তিন প্রকল্প অনুমোদন
৬৩৭ কোটি টাকার তিনটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মোট ব্যয়ের ৬২৩ কোটি টাকা জোগান দেওয়া হবে স্থানীয় উৎস থেকে, আর বাকি ১৪ কোটি টাকা আসবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে।
গতকাল মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা।
অনুমোদিত প্রকল্পগুলো হলো ৪৪২ কোটি টাকার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ, ৭২ কোটি টাকার ঢাকা-বরিশাল অভ্যন্তরীণ নৌপথে পরিচালনার জন্য দুটি নতুন যাত্রীবাহী জাহাজ সংগ্রহ এবং ১২৩ উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের প্রাথমিক অবকাঠামো নির্মাণ।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘আজ (গতকাল) একনেক সভায় ছয়টি প্রকল্প ওঠার কথা থাকলেও তিনটি প্রকল্প শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়। এই তিনটি প্রকল্প ঢাকা সিটি করপোরেশনের আওতায় পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকৃত অর্থে ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের কারণে নির্বাচন আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে সন্দেহে প্রকল্প তিনটি প্রত্যাহার করা হলো।’ সিটি করপোরেশনের নির্বাচন শেষে বাদ পড়া তিন প্রকল্প একনেকে উত্থাপন করা হবে বলে তিনি জানান।