একনেকে ৬৬৫৩ কোটি টাকার ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন
প্রায় ছয় হাজার ৬৫৩ কোটি টাকার ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।গতকাল মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অনুমোদিত প্রকল্পগুলোতে দেশজ সম্পদ থেকে জোগান দেওয়া হবে ছয় হাজার ৫৫ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৫৯৮ কোটি টাকা।অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো—এক হাজার ১৫১ কোটি টাকার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের আওতায় মূলত ২৫৪টি পৌরসভার রাস্তাঘাট, স্কুল-কলেজসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করা হবে। প্রকল্পটির পুরো অর্থই দেশজ সম্পদ থেকে জোগান দেওয়া হবে। ইতিমধ্যে দুই দফায় ৩৫টি ও ১৫টি পৌরসভা উন্নয়নের পৃথক দুটি প্রকল্প একুনেকে অনুমোদন দেওয়া হয়েছে।এই প্রকল্পটি সম্পর্কে একনেক বৈঠক শেষে পরিকল্পনাসচিব মনজুর হোসেন সাংবাদিকদের জানান, আজকের প্রকল্পটি অনুমোদনের মধ্যে দেশের ৩০৮টি পৌরসভার সব কটির উন্নয়নের উদ্যোগ নেওয়া হলো। প্রকল্পটি বাস্তবায়ন হলে পৌরসভা পর্যায়ে মানুষ অপেক্ষাকৃত বেশি নাগরিকসুবিধা পাবে। রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে জনসংখ্যার চাপ কমবে।একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো—পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ১১৭ কোটি টাকার বগুড়া জেলার অন্তরপাড়া, দড়িপাড়া ও পার্শ্ববর্তী এলাকায় যমুনা নদীর ডান তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংরক্ষণ প্রকল্প; স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৩১৫ কোটি টাকায় গোপালগঞ্জে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড স্থাপন; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তিন হাজার ৯০০ কোটি টাকার প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি-২য় পর্যায় (২য় সংশোধিত) প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৬৮১ কোটি টাকার উচ্চশিক্ষা সম্প্রসারণ প্রকল্প (সংশোধিত); গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ৪০ কোটি টাকার পাঠানটুলি রোডের সম্প্রসারণ ও উন্নয়ন (ডিটি রোড জংশন হতে শেখ মুজিব রোড পর্যন্ত) প্রকল্প; নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে ১৪৮ কোটি টাকার মাদারীপুর-চরমুগুরিয়া-টেকেরহাট-গোপালগঞ্জ নৌপথ খনন প্রকল্প; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে ৪৫ কোটি টাকার চট্টগ্রাম মোটেল সৈকত প্রাঙ্গণে নতুন পর্যটন মোটেল নির্মাণ এবং কক্সবাজারে হোটেল শৈবালের পার্শ্বদিক সম্প্রসারণ প্রকল্প; সড়ক ও রেলপথ বিভাগের অধীনে ৮৫ কোটি টাকার কোটালীপাড়া-রাজৈর সড়ক উন্নয়ন প্রকল্প; সড়ক ও রেলপথ বিভাগের অধীনে ১৭১ কোটি টাকার নকলা-নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর সড়ক উন্নয়ন প্রকল্প।