একনেকে ৭২১ কোটি টাকার প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৭২১ কোটি টাকার চারটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়। চার প্রকল্পের মধ্যে দুটি নতুন ও দুটি সংশোধিত প্রকল্প রয়েছে।
প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য সাংবাদিকদের অবহিত করেন।
নতুন প্রকল্প দুটি হলো: প্রায় ১৯৮ কোটি টাকা ব্যয়ে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলা এবং তৎসংলগ্ন এলাকাকে নদীভাঙন থেকে রক্ষায় নদীতীর সংরক্ষণ এবং ৪৪ কোটি টাকা ব্যয়ে ব্রিড আপগ্রেডেশন থ্রু প্রজেনি টেস্ট প্রকল্প। আর সংশোধিত প্রকল্প দুটি হলো: ৩৩২ কোটি টাকায় বরিশাল বিভাগে পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ এবং প্রায় ১৪৬ কোটি টাকায় ১৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্প।
বরিশাল বিভাগের পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ প্রকল্পটি বৈদেশিক সাহায্যপুষ্ট। আর বাকি তিনটি প্রকল্প সম্পূর্ণ সরকারি টাকায় বাস্তবায়ন করা হবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, লক্ষ্মীপুরের দুই উপজেলা ও তৎসংলগ্ন এলাকার নদীতীর সংরক্ষণ প্রকল্পটি ২০১৯ সালের মধ্যে বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। ২০০৭ সালের ঘূর্ণিঝড় আইলায় এ এলাকার উপকূলীয় বেষ্টনীর ৩৭ কিলোমিটার মেঘনা নদীতে বিলীন হয়ে যায়। এ অবস্থা থেকে এলাকাটিকে রক্ষা করতে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের একটি সমীক্ষার ভিত্তিতে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।