একসঙ্গে দুটির বেশি কাজ পাবেন না ঠিকাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ঠিকাদার একসঙ্গে দুটির বেশি কাজ পাবেন না। কোনো ঠিকাদার যদি ওই দুটি কাজ সময়মতো শুরু ও শেষ করতে পারেন, তবে ভবিষ্যতে আরও কাজ পাবেন। এ ছাড়া একজন ঠিকাদার এক অর্থবছরে পাঁচ-ছয়টির বেশি কাজ পাবেন না।
সরকারি ক্রয় আইন (২০০৬) ও সরকারি ক্রয় বিধিমালা (২০০৮) সংশোধনে এ প্রস্তাব করা হয়েছে। সংশোধনের পক্ষে যুক্তি দেখানো হয়েছে, কোনো ঠিকাদার একই সময়ে একাধিক কাজ পেলে অনেক সময় কাজ বিক্রি করে দেন। এ ছাড়া অতিরিক্ত সময়ক্ষেপণ হয়; কাজের গুণগত মানও সঠিক থাকে না।
এই আইন ও বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)। এ নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আজ রোববার আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জানতে চাইলে সিপিটিইউর মহাপরিচালক ফারুক হোসেন বলেন, দরপত্র-প্রক্রিয়ায় অংশগ্রহণ যাতে ঠিকাদারদের জন্য
আরও সহজ হয়, সে জন্য আইন ও বিধিমালা সংশোধন করা হচ্ছে। এ ছাড়া কাজের গুণগত মানও নিশ্চিত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
ফারুক হোসেন আরও বলেন, কোনো ঠিকাদারকে একাধিক কাজ দেওয়ার সময় আগের কাজের মূল্যায়ন করবে সরকারি ক্রয়কারী প্রতিষ্ঠান। বাস্তবতা হলো, ঠিকাদারেরা এলাকায় প্রভাবশালী হওয়ায় স্থানীয় সরকারি ক্রয়কারী প্রতিষ্ঠান কতটা নিরপেক্ষভাবে তা মূল্যায়ন করতে পারবে, সেটাই বড় বিষয়।
বর্তমান আইনে উন্মুক্ত ও সীমিত—এই দুই ধরনের দরপত্র পদ্ধতি রয়েছে। উন্মুক্ত পদ্ধতিতে (ওটিএম) সরকারি ক্রয়কারী প্রতিষ্ঠানের দাপ্তরিক প্রাক্কলিত মূল্য অর্থাৎ কত টাকায় কাজ বা সেবা কিনতে আগ্রহী, তা উল্লেখ থাকে না। সীমিত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) তা উল্লেখ থাকে এবং দুই কোটি টাকা পর্যন্ত কেনাকাটা করা যায়।
এলটিএম পদ্ধতিতে এখন যেকোনো দরদাতাই দাপ্তরিক প্রাক্কলিত মূল্যের ৫ শতাংশ কমবেশি দর দিতে পারেন। সিপিটিইউ সূত্রে জানা গেছে, এই পদ্ধতিতে সিন্ডিকেট করে সব দরদাতা একই দর দেন, ফলে লটারির মাধ্যমে দরদাতা বেছে নিতে হয়। এরপরে আবার সিন্ডিকেট করে কাজ ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ রয়েছে। নতুন প্রস্তাব হচ্ছে, এলটিএম পদ্ধতিতে প্রতিযোগিতার সুযোগ বৃদ্ধি করতে দাপ্তরিক প্রাক্কলিত মূল্যের ১০ শতাংশ কমবেশি দর দেওয়া যাবে। এর পাশাপাশি সীমিত দরপত্র পদ্ধতির পরিবর্তে উন্মুক্ত দরপত্র পদ্ধতি প্রবর্তনের প্রস্তাবও করা হয়েছে।
তবে সীমিত দরপত্র পদ্ধতিতে দুই কোটি টাকা পর্যন্ত কেনাকাটায় দরপত্রে অংশ নিতে ঠিকাদারের অভিজ্ঞতার প্রয়োজন নেই, এ বিধানটি সংশোধনের কোনো প্রস্তাব করা হয়নি।
বর্তমান আইন ও বিধি অনুযায়ী, প্রতিবছর বাজেটে যে অর্থ সরকারি ক্রয়কারী প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ রাখা হয়, সেই অর্থকেই সরকারি তহবিল হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ওয়াসা, তিতাস, বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড (বিটিসিএল), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মতো সরকারি প্রতিষ্ঠানগুলো সেবা প্রদানের মাধ্যমে নিজস্ব তহবিল তৈরি করে থাকে। তারা নিজস্ব তহবিল দিয়ে অনেক সময় ছোট ছোট প্রকল্প নেয় বা কেনাকাটা করে। এসব নিজস্ব তহবিল ক্রয় আইনের আওতায় পড়বে কি না, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, এ ধরনের প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলও সরকারি তহবিল হিসেবে বিবেচিত হবে। এর মানে হলো, এসব প্রতিষ্ঠানকেও সরকারি ক্রয় আইন ও বিধিমালা মানতে হবে।
এ ছাড়া সিঙ্গেল প্যাকেজ ক্রয়ে মূল্যছাড় নির্দিষ্টকরণ, আন্তর্জাতিক দরপত্রে স্থানীয় লোকজনকে প্রাধান্য দেওয়া, দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যদের সম্মানী বৃদ্ধিসহ বেশ কিছু সংশোধন প্রস্তাব করা হয়েছে।