একসঙ্গে পাঁচ প্রদর্শনী শুরু

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল বৃহস্পতিবার এক ছাদের নিচে একসঙ্গে পাঁচটি প্রদর্শনী শুরু হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ, সৌরবিদ্যুৎ, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণসামগ্রী, নির্মাণকৌশল, যন্ত্রাংশ, সুরক্ষা ও নিরাপত্তা এবং আবাসন খাতের পণ্য ও সেবা প্রদর্শন করছে বাংলাদেশসহ ১২ দেশের প্রতিষ্ঠান।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গতকাল বৃহস্পতিবার প্রদর্শনীগুলোর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান আহমেদ কাইকাউস, স্কিল অ্যান্ড ট্রেনিং এনহেন্সমেন্ট প্রকল্পের পরিচালক মো. ইমরান, আমেরিকান চেম্বারের (অ্যামচেম) সহসভাপতি শওকত আলী সরকার, পূবালী কন্সট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম চৌধুরী, সেমস গ্লোবালের ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের গ্রুপ প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম প্রমুখ।
প্রদর্শনী পাঁচটি হচ্ছে ১৮তম পাওয়ার বাংলাদেশ এক্সপো, ১৩তম সোলার বাংলাদেশ এক্সপো, ২০তম কনস এক্সপো বাংলাদেশ, ১৭তম রিয়েল এস্টেট এক্সপো বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো বাংলাদেশ। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড-সেমস গ্লোবাল প্রদর্শনীগুলো আয়োজন করেছে। শনিবার পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সব প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।