একসঙ্গে সব কোম্পানির দাম বাড়া-কমা কাম্য নয়: লালী
শেয়ারবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির একসঙ্গে দাম বাড়বে অথবা একসঙ্গে সব কোম্পানির দরপতন হবে—এটা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালী।আজ বৃহস্পতিবার প্রথম আলো অনলাইনের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বাজারের সাম্প্রতিক অবস্থা নিয়েও কথা বলেন।লালী বলেন, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে কোনো কোনো দিন একসঙ্গে সব কোম্পানির দাম বাড়ছে। আবার কোনো কোনো দিন একসঙ্গে সব কোম্পানির দাম কমছে, এটা বাজারের জন্য মোটেই শুভকর নয়। বিনিয়োগকারীদের এ অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। তাঁদেরকে বুঝতে হবে তিনি কোন কোম্পানিতে বিনিয়োগ করতে যাচ্ছেন। সূচক বা দাম দেখে নয়, বরং সংশ্লিষ্ট ওই কোম্পানির অবস্থা দেখে তাঁকে সিদ্ধান্ত নিতে হবে তিনি ওই কোম্পানিতে বিনিয়োগ করবেন কি না। তিনি আরও বলেন, এক দিন বাজার দেখে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কেননা, নির্দিষ্ট ওই দিন সব কোম্পানির দাম বাড়লে বিষয়টি এমন নয় যে টার্গেটকৃত কোম্পানির শেয়ার আর তিনি কিনতে পারবেন না। এমন অবস্থা দেখে তুলনামূলক দুর্বল কোম্পানিতে বিনিয়োগ করতে যাওয়াটা কোনোভাবেই উচিত হবে না। কেননা, এতে বাজার বাড়বে ঠিকই, কিন্তু তা অবশ্যই ক্ষতিকর হবে। এ ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করে নিজে চিন্তাভাবনা করে বিনিয়োগের পরামর্শ দেন তিনি।গত মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ২৬১টি কোম্পানির মধ্যে সব কটি কোম্পানিরই দাম বেড়ে যায়। অন্যদিকে ১ ফেব্রুয়ারি লেনদেনের একপর্যায়ে বেলা একটা পাঁচ মিনিটে ডিএসই গেইনার শূন্য হয়ে পড়ে। এ সময়ে লেনদেন হওয়া ২৪৮টির মধ্যে ২৪৪টিরই দরপতন হয়। বাকি চারটি কোম্পানির দাম অপরিবর্তিত থাকে। বিষয়টি উল্লেখ করে ডিএসইর এই নেতা বলেন, এমন অবস্থায় বিনিয়োগকারীদের ধৈর্য ধরার বিকল্প নেই। তাঁর মতে, বিনিয়োগ করতে গেলে প্রথমেই কোম্পানি পরিমাপ করতে হবে। সংশ্লিষ্ট কোম্পানির আর্থিক হিসাব বিবরণী দেখে বিচার-বিশ্লেষণ করে বিনিয়োগে যেতে হবে। বিনিয়োগকারীদের মধ্যে এ ধারণাটা না এলে কোনোভাবেই একটি শক্তিশালী পুঁজিবাজার উপহার দেওয়া সম্ভব নয় বলেও মনে করেন তিনি।আহমেদ রশিদ লালী আরও বলেন, ডিএসইর সার্ভিলেন্স ও মনিটরিং বিভাগকে আরও শক্তিশালী করা হচ্ছে। শিগগিরই সার্ভিলেন্সে নতুন সফটওয়্যার যোগ করার চিন্তাভাবনা করা হচ্ছে। সার্ভিলেন্স হলো বাজারের স্বাস্থ্য ঠিক রাখার একটি চাবিকাঠি। এটা শক্তিশালী হলে বাজারে ‘ব্যাড প্লে’ অনেকাংশে কমে যাবে। এতে বিনিয়োগকারীদের স্বার্থও রক্ষা হবে।