একাধিক কোম্পানির তদন্তে বিএসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকাভুক্ত একাধিক কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে গতকাল সোমবার এই কমিটি গঠন করা হয়। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান কমিটি গঠনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
জানা গেছে, কমিশনের উপপরিচালক আবুল কালাম আজাদ ও নজরুল ইসলামের সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, স্টার শেয়ারবাজার লিমিটেড ও বিনিয়োগকারী গোলাম মোস্তফা মিলে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাকাফুল ইনস্যুরেন্সের ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করেছে। নিয়ম অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তালিকাভুক্ত কোনো কোম্পানির ১০ শতাংশ বা তার বেশি শেয়ার ধারণ করতে পারে না। কিন্তু গোলাম মোস্তফা ও তাঁর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান স্টার শেয়ারবাজার যৌথভাবে অনুমোদন ছাড়া তাকাফুল ইনস্যুরেন্সের ১০ শতাংশ শেয়ার ধারণ করেছে। বিষয়টি অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে বিএসইসি।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে কিছু কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে প্রভাবিত করার অভিযোগে বেশ কয়েকজন বিনিয়োগকারীর শেয়ার লেনদেনসংক্রান্ত তথ্যও যাছাইবাছাই করবে বিএসইসি। গঠিত দুই সদস্যের তদন্ত কমিটিকে এসব বিষয় অনুসন্ধান বা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।