একীভূত মেধাসম্পদ কার্যালয় হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ যদি তাঁর উদ্ভাবিত কোনো ধারণা বা পণ্যের পেটেন্ট নিবন্ধন কিংবা কোনো নকশা অনুমোদন করাতে চান, তাহলে তাঁকে যেতে হয় মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে (ডিপিডিটি)।
আবার কেউ যদি তাঁর পণ্যের কপিরাইট করাতে চান তাহলে তাঁকে যেতে হয় আগারগাঁওয়ের কপিরাইট কার্যালয়ে। এই সংস্থাটি আবার সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন।
মেধাসম্পদকে সুরক্ষা দিতে দেশে দুই মন্ত্রণালয়ের অধীনে দুটি পৃথক দপ্তর থাকায় সুরক্ষা পেতে ইচ্ছুক ব্যক্তিদের যেমন ভোগান্তিতে পড়তে হয়, তেমনি সময়ও লাগে অনেক। সে কারণেই সরকার এখন এই দুই দপ্তরকে একীভূত করে একটি মেধাসম্পদ কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। নাম ‘বাংলাদেশ মেধাসম্পদ কার্যালয়’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৪ আগস্ট শিল্প মন্ত্রণালয় পরিদর্শনকালে এ দুই কার্যালয়কে একীভূত করে শিল্প মন্ত্রণালয়ের আওতায় একটি মেধাসম্পদ কার্যালয় প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। এর পরই এ নিয়ে কাজ শুরু হয়।
জানতে চাইলে অতিরিক্ত শিল্পসচিব মো. ফরহাদ উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে একীভূত মেধাসম্পদ অফিস প্রতিষ্ঠার প্রাথমিক কাজ শুরু হয়েছে। এই কার্যালয় হয়ে গেলে সবাই এক জায়গা থেকেই মেধাসম্পদের সুরক্ষা পাবে।’
তবে একীভূত মেধাসম্পদ কার্যালয়ের বাস্তবায়ন কবে নাগাদ শুরু হবে তা নির্ভর করছে সংস্কৃতি মন্ত্রণালয় তথা কপিরাইট কার্যালয়ের ওপর। এই কার্যালয়টি কেন শিল্প মন্ত্রণালয়ের অধীন হবে সে বিষয়ে তাদের দ্বিমত রয়েছে। কপিরাইট কার্যালয় সূত্র বলছে, ১৮৮টি দেশ বিশ্ব মেধাসম্পদ সংস্থার (ডব্লিউআইপিও) সদস্য। এর মধ্যে ৭১টি দেশেই মেধাসম্পদ কার্যালয় সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন। ২১টি দেশে এই কার্যালয় আইন মন্ত্রণালয়ের অধীন। মাত্র তিনটি দেশে তা শিল্প মন্ত্রণালয়ের অধীন। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনও রয়েছে কিছু দেশের মেধাসম্পদ কার্যালয়। সে কারণে বিষয়টি আরও খতিযে দেখা উচিত।
তবে একীভূত মেধাসম্পদ কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তাফা জব্বার। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিশ্বের প্রায় সব দেশেই মেধাসম্পদ কার্যালয় আছে। এক জায়গাতেই সব সেবা পাওয়া যায়, এক জায়গা থেকেই সব আইন হয়। ফলে ভোগান্তিও কম হয়। সে জন্য আমরা বহু বছর ধরে একটি মেধাসম্পদ কার্যালয় করার দাবি জানিয়ে আসছি। এখন এমন উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এটি হয়ে গেলে আশা করি, আমার মতো আর কাউকে ভোগান্তিতে পড়তে হবে না।’
মোস্তাফা জব্বার জানান, বিজয় সফটওয়্যার তৈরির পর এর কপিরাইট ও পেটেন্ট, লোগোর জন্য ট্রেডমার্ক এবং কি-বোর্ডের নকশা অনুমোদন করিয়েছিলেন। এসব করাতে গিয়ে বেশ ভোগান্তিতে পড়েছিলেন তিনি।
শিল্প মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে একীভূত মেধাসম্পদ কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে ৩ নভেম্বর অতিরিক্ত শিল্পসচিব ফরহাদ উদ্দিনের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয়, কপিরাইট কার্যালয়, ডিপিডিটি এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় কপিরাইট কার্যালয় ছাড়া সবাই একীভূত মোধাসম্পদ কার্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের পক্ষে বক্তব্য দেন।
একীভূত কার্যালয়ের বিষয়ে কেন দ্বিমত করছেন—জানতে চাইলে কপিরাইট কার্যালয়ের নিবন্ধক মো. নবীরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা ঠিক দ্বিমত করছি না। আমরা বলেছি, ১৩ নভেম্বর (আজ বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে আসবেন। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সংস্কৃতিমন্ত্রী এ বিষয়ে আলাপ করবেন। এর ভিত্তিতেই আমরা আমাদের মতামত জানাব।’
আর ফরহাদ উদ্দিন বলেন, কপিরাইট কার্যালয় কিংবা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে মতামত পাওয়ার পরই এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।
এর আগে ২০১০ সালেও প্রধানমন্ত্রীর নির্দেশে একীভূত মেধাসম্পদ কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রক্রিয়া কিছু দূর এগোলেও শিল্প আর সংস্কৃতি মন্ত্রণালয়ের টানাপোড়েনে তা আর আলোর মুখ দেখেনি।
প্রসঙ্গত, কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক আর শিল্পনকশা—এই চারটি বিষয়কেই মেধাস্বত্ব ধরা হয়। এর মধ্যে কপিরাইট নিয়ে কাজ করে কপিরাইট কার্যালয়। আর অন্য তিনটি বিষয় নিয়ে কাজ করে ডিপিডিটি।