একীভূত হওয়ার খবরে বিক্রেতাশূন্য লাফার্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিমেন্ট খাতের বিশ্বের জায়ান্ট দুই কোম্পানি লাফার্জ ও হোলসিম একীভূত হয়ে যাচ্ছে। এই খবরে গতকাল মঙ্গলবার বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্টের দর প্রায় ১০ শতাংশ বেড়েছে। এমনকি লেনদেনের বড় সময়জুড়েই শেয়ারটি বিক্রেতাশূন্য ছিল।
এদিকে কয়েক দিন ধরে একীভূত হওয়ার খবরে বিশ্বের বিভিন্ন বাজারে তালিকাভুক্ত কোম্পানি দুটির শেয়ারের দাম বাড়ছে। বাংলাদেশের বাজারেও গতকাল তার প্রতিফলন দেখা গেছে। যদিও দুই কোম্পানির মধ্যে কেবল লাফার্জ এ দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লাফার্জের প্রতিটি শেয়ারের দাম পাঁচ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭ টাকা ৩০ পয়সায়। এদিন ডিএসইতে কোম্পানিটির মূল্যবৃদ্ধির সর্বোচ্চ সীমা বা সার্কিট ব্রেকার নির্ধারিত ছিল ৫৭ টাকা ৩০ পয়সায়। লেনদেন শুরুর কিছু সময় পরই সর্বোচ্চ সীমা স্পর্শ করে। ওই দামে কোম্পানিটির শেয়ারের অনেক ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। দিন শেষে কোম্পানিটির প্রায় ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক হোলসিম ও প্যারিসভিত্তিক লাফার্জ এত দিন ছিল সিমেন্ট খাতের বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম কোম্পানি। এখন একীভূত হয়ে ‘লাফার্জহোলসিম’ নাম ধারণ করবে। আর এটিই হবে সিমেন্ট খাতে বিশ্বের সর্ববৃহৎ কোম্পানি।