রবির মূল বিনিয়োগকারী আজিয়াটা গ্রুপ বারহাদের ব্যাখ্যা
একীভূত হওয়ার প্রক্রিয়া থেকে সরতে চায় না রবি
রবি আজিয়াটা আরেক মুঠোফোন অপারেটর এয়ারটেলের সঙ্গে প্রস্তাবিত একীভূত হওয়ার (মার্জার) প্রক্রিয়া থেকে সরে আসবে না।
এয়ারটেলের সঙ্গে একীভূত হওয়া নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ওপর দেওয়া ব্যাখ্যায় এ বক্তব্য তুলে ধরেছে রবি। এতে কোম্পানিটি প্রস্তাবিত একীভূত হওয়ার প্রক্রিয়া দ্রুত শেষ করতে তার নিজস্ব অঙ্গীকারের কথা উল্লেখ করেছে।
গণমাধ্যমে গত শনিবার পাঠানো ওই ব্যাখ্যায় বলা হয়েছে, ‘রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশের প্রস্তাবিত একীভূতকরণ সম্পর্কে ১৯ মে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের বিষয়ে আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত প্রতিবেদনগুলো প্রস্তাবিত একীভূতকরণের ব্যাপারে কিছুটা বিভ্রান্তি তৈরি করেছে। এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই যে একীভূতকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে রবি অঙ্গীকারবদ্ধ। তবে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
প্রথম আলোতে গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাড়তি অর্থ আদায় করা হলে মুঠোফোন অপারেটর এয়ারটেলের সঙ্গে একীভূত হবে না রবি। তরঙ্গ একীভূতকরণসহ কয়েকটি কারণ দেখিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দেওয়া বাড়তি ৭০০ কোটি টাকা আদায়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংস্থাটিকে এ চিঠি দেয় রবির মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ।
তবে আজিয়াটা গ্রুপ বারহাদের গ্রুপ প্রধান নির্বাহী জামালুদ্দিন ইব্রাহিমের স্বাক্ষরিত ওই চিঠিতে এমনটাও বলা হয়েছে, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে আমরা জানতে পেরেছি, একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকার ৭০০ কোটি টাকার বেশি নেওয়ার প্রস্তাব করেছে। আমরা বলতে চাই, সরকার যদি এই অর্থ আদায় করে তাহলে প্রস্তাবিত এই একীভূতকরণ প্রক্রিয়া থেকে সরে আসব।’