একীভূত হচ্ছে ওএলএক্স ও এখানেইডটকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনলাইনভিত্তিক বেচাকেনার ওয়েবসাইট এখানেইডটকম ও ওএলএক্সডটকম এক হয়ে যাচ্ছে। একীভূত নতুন ওয়েবসাইটটি এখানেইডটকম নামে পরিচিত হবে।
বাংলাদেশে অনলাইনভিত্তিক শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনের সেবা আরও বিস্তৃত করতে ন্যাসপার্স, শিবস্টেড এবং টেলিনর গ্রুপ যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ব্রাজিলে এই তিন প্রতিষ্ঠান এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এখানেইডটকমের মূল মালিকানা প্রতিষ্ঠান নরওয়েভিত্তিক টেলিনর ও শিবস্টেড মিডিয়া গ্রুপের যৌথ মালিকানায় গঠিত এসএনটি বাংলাদেশ লিমিটেড। আর দক্ষিণ আফ্রিকার ন্যাসপার্স মিডিয়া গ্রুপের অধীন ওএলএক্সডটকম বাংলাদেশ।
একীভূত হওয়ার পর এখানেইডটকম–এর ৫০ দশমিক ৩ শতাংশ মালিকানা এসএনটি লিমিটেডের (শিবস্টেড ও টেলিনরের সমান অংশীদারভিত্তিক) কাছে এবং ওএলএক্সের মূল প্রতিষ্ঠান ন্যাসপার্সের কাছে ৪৯ দশমিক ৭ শতাংশ থাকবে।
একসঙ্গে ব্যবসা শুরুর উদ্যোগ সম্পর্কে এসএনটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরিল ক্লোক্কেরহৌগ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের মানুষকে আরও বড় পরিসরে যথাযথ সেবা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আরও বেশি ক্রেতা ও বিক্রেতাকে এক জায়গায় খুঁজে পাওয়া পাবে। ভিন্ন দুটি প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের এ জন্য চিন্তিত হওয়ার কিছু নেই। সব বিজ্ঞাপন একই জায়গায় প্রকাশিত হবে।’
ওএলএক্স ব্যবহারকারীরা কীভাবে এই ওয়েবসাইট ব্যবহার করবেন, সে সম্পর্কে আরিল বলেন, ‘ওএলএক্স ব্যবহারকারীদের পুনরায় বিজ্ঞাপন প্রকাশ করার দরকার নেই, স্বয়ংক্রিয়ভাবে তা এখানেইডটকমে চলে যাবে। আগের মতোই মানুষ বিনা পয়সায় বিজ্ঞাপন প্রকাশ করতে পারবেন। আরও বহু মানুষকে অনলাইনভিত্তিক বিজ্ঞাপনের সুবিধা পৌঁছে দিতে দুটি প্রতিষ্ঠান যৌথভাবে পরিকল্পনা, অভিজ্ঞতা ও অর্থ ভাগ করে নেবে।’
ওএলএক্স দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকতা অমরজিৎ সিং বাতরা বলেন, ‘ঐক্যবদ্ধ হয়ে আমরা দারুণ অর্জন নিশ্চিত করতে চাই। বেচাকেনায় যেন উভয় পক্ষই লাভবান হয়, তার জন্য আমরা ক্রেতা-বিক্রেতাকে সহযোগিতা করতে প্রতিজ্ঞ। বাংলাদেশের বাজারে প্রবেশে অংশীদারের এই উদ্যোগটি দারুণ।’
বাংলাদেশে সেলবাজার নামে একটি প্রতিষ্ঠান ২০০৬ সালে প্রথম অনলাইনে বেচাকেনার গোড়াপত্তন করে। এটিই বর্তমানে এখানেইডটকম। দেশে বর্তমানে ২০ থেকে ২৫টি এমন ওয়েবপোর্টাল রয়েছে। বিপুলসংখ্যক মানুষ এসব পোর্টাল দেখছেন—এমন বিবেচনায় পোর্টালগুলোতে শ্রেণিবদ্ধ বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়ার প্রবণতাও বাড়ছে।
অনলাইন বেচাকেনা হয় দুইভাবে। এখানেই, বিক্রয়, ওএলএক্সডটকমের মতো ওয়েবপোর্টালে কোনো বিক্রেতা তাঁর পুরোনো পণ্য বিক্রির বিজ্ঞাপন দেন। সেই পণ্যের ছবি, দাম, যোগাযোগের নম্বরসহ বিস্তারিত তথ্য দেওয়া থাকে। কোনো আগ্রহী ক্রেতা সেই বিজ্ঞাপন দেখে ওই বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। পরে দুজনের আপসের ভিত্তিতে পণ্যটি বেচাকেনা হয়। এ জন্য অবশ্য নগদ অর্থ পরিশোধ করতে হয়। তবে এসব ওয়েবসাইটে নতুন পণ্যের বিক্রির বিজ্ঞাপনও দেওয়া শুরু হয়েছে। অনলাইন বেচাকেনায় সবচেয়ে বেশি এগিয়ে আছে ইলেট্রনিক পণ্য, বিশেষ করে মুঠোফোন, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, পেনড্রাইভ ইত্যাদি। তরুণ-তরুণীরাই অনলাইনে বেচাকেনা বেশি করেন।
অনলাইনে বেচাকেনার ক্ষেত্রে আর্থিক নিরাপত্তার বিষয়ে সচেতন থাকতে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সচেতন থাকার পরামর্শ দিয়ে আরিল আরও বলেন, ‘কোনো ব্যক্তি যাতে এখানেইডটকমের মাধ্যমে ভুয়া বিজ্ঞাপন প্রকাশ করতে না পারে, সে জন্য প্রতিদিনই আমরা এক হাজারের বেশি বিজ্ঞাপন বাতিল করি। ক্রেতা বা বিক্রেতার ব্যাপারে নিশ্চিত না হয়ে বা আর্থিক লেনদেনের রসিদ ছাড়া কারও সঙ্গে লেনদেন না করতে গ্রাহকদের অনুরোধ করছি।’
অনলাইনে বেচাকেনার আর্থিক লেনদেনের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিবছর গড়ে দেড় শ থেকে দুই শ কোটি টাকার পণ্য অনলাইনে বেচাকেনা হয়। প্রতিবছরই অনলাইনে বেচাকেনা বাড়ছে ১৫ থেকে ২০ শতাংশ হারে।