একীভূত হচ্ছে বিএটি-রেনল্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ হাজার ৯৪০ কোটি ডলারে মার্কিন কোম্পানি রেনল্ডসের পুরো মালিকানা কিনে নিচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। আর এই একীভূতকরণের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় তামাক কোম্পানিতে পরিণত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

গত বছরের অক্টোবরেই এই দুই কোম্পানির একীভূত হওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়। সে সময় ৪ হাজার ৭০০ কোটি ডলারে রেনল্ডস কেনার চুক্তি করে বিএটি। তবে তা বাতিল হয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বর্তমানে রেনল্ডসের ৪২ দশমিক ২ শতাংশ শেয়ারের মালিক বিএটি। একীভূত হওয়ার মাধ্যমে বাকি অংশ কিনতে চাইছে কোম্পানিটি। এই একীভূতকরণে নগদ ২ হাজার ৯৪৪ কোটি ডলার রেনল্ডসকে দেবে বিএটি। বাকি অর্থ পরিশোধ হবে শেয়ার প্রদানের মাধ্যমে।

পৃথিবীর অন্যতম বড় সিগারেট প্রস্তুতকারক কোম্পানি বিএটির লাকি স্ট্রাইক, রথম্যানস, ডানহিল, নিউপোর্ট ও রেনল্ডসের ক্যামেল ব্যবসাকে এক করে দেবে এই একীভূতকরণ। তবে গত মাসে এই চুক্তির বিরোধিতা করে ক্যামেল ও নিউপোর্ট সিগারেট কোম্পানি।

এই চুক্তির মাধ্যমে ১২ বছর পর লাভজনক এবং অত্যন্ত নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের বাজারে ফিরতে পারছে বিএটি। এই একীভূতকরণের মাধ্যমে দুই কোম্পানির টেকসই মুনাফা বৃদ্ধি এবং শেয়ারহোল্ডারদের জন্য আয় বাড়াতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।