একীভূত হচ্ছে বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইশন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাতিষ্ঠানিক উন্নয়নের লক্ষ্যে বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন একীভূত হওয়ার কাজ দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় তিনি এ আশা প্রকাশ করেন।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ব্যক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীরা নানা ধরনের সমস্যার কথা বলে থাকেন, যার মধ্যে রয়েছে বিদ্যুৎ, গ্যাস প্রাপ্তিতে বিলম্ব, বিনিয়োগ প্রক্রিয়াকরণে প্রাতিষ্ঠানিক জটিলতা, নিষ্কণ্টক জমির অভাব, ঋণের উচ্চ সুদের হার ইত্যাদি। এসব বাধা অপসারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অর্থমন্ত্রী জানান।
অর্থমন্ত্রীর বিশ্বাস, তাঁদের পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও সরবরাহে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে বিদ্যুৎ সমস্যা আর থাকছে না। তিনি জানান, গ্যাসের সমস্যা নিরসনে সমুদ্র অঞ্চলে ২৬টি ব্লকে অনুসন্ধান শুরুর লক্ষ্যে উৎপাদন-বণ্টন-চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সরকার এলএনজি আমদানির উদ্যোগ ​নিয়েছে। প্রাতিষ্ঠানিক উন্নয়নের লক্ষ্যে বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন একীভূতকরণের কাজ দ্রুত শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি জানান, নতুন এই প্রাতিষ্ঠানিক কাঠামোকে সত্যিকার অর্থেই ‘ওয়ান স্টপ’ সেবা প্রদানের উপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে এবং দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়নেরও ব্যবস্থা নেওয়া হবে। বিনিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের অতিরিক্ত জমি লিজ/বিক্রি/পিপিপিভিত্তিক ব্যবহার বিষয়েও চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে তিনি জানান।
মুহিত তাঁর বক্তৃতায় বলেন, ভূমি ব্যবস্থাপনা, রেকর্ড ও রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের কার্যক্রম দ্রুততর করা হবে। আর্থিক খাতে সংস্কার কার্যক্রম গ্রহণের ফলে ইতিমধ্যেই ঋণের সুদের হার কমতে শুরু করেছে। সেখানে বিদেশ থেকে স্বল্পসুদে ঋণ গ্রহণের সুযোগ থাকছে। তিনি বিশ্বাস করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে বিনিয়োগের পরিবেশ উন্নততর হবে এবং ব্যক্তি খাতে বিনিয়োগের লক্ষ্য অর্জনও সম্ভব হবে।