একীভূত হতে বিশেষ সাধারণ সভা ডেকেছে এয়ারটেল
মোবাইল অপারেটর রবি আজিয়াটার সঙ্গে একীভূত হতে ১৫ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে এয়ারটেল বাংলাদেশ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী এই ইজিএমের আইনি বিজ্ঞপ্তি গতকাল সোমবার প্রকাশ করেছে এয়ারটেল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার বনানীতে এয়ারটেল বাংলাদেশের প্রধান কার্যালয়ে ১৫ ডিসেম্বর এই ইজিএম অনুষ্ঠিত হবে। রবির সঙ্গে এয়ারটেলের ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটি বিনিয়োগকারীদের মাধ্যমে অনুমোদন করাই বিশেষ এই সাধারণ সভার একমাত্র আলোচ্যসূচি বা এজেন্ডা নির্ধারণ করা হয়েছে। এয়ারটেল বাংলাদেশের সব বিনিয়োগকারীকে ইজিএমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একীভূত হওয়ার খসড়া পরিকল্পনা আগ্রহী যেকোনো ব্যক্তি দেখতে পারবেন।
এয়ারটেলের জনসংযোগ বিভাগের প্রধান শমিত মাহবুব শাহাবুদ্দীন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, একীভূত হওয়ার আইনি প্রক্রিয়া হিসেবে ইজিএমের এ ঘোষণা দেওয়া হয়েছে। একইভাবে রবির ইজিএমও চলতি ডিসেম্বরের শেষ নাগাদ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
রবি ও এয়ারটেল সূত্রে জানা গেছে, তাদের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ ও ভারতী এয়ারটেলের পরিচালনা পর্ষদ ইতিমধ্যেই একীভূত হওয়ার প্রক্রিয়ায় সম্মতি দিয়েছে। এখন ইজিএমের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিতে বিনিয়োগকারীদের অনুমতি নেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।
ইজিএমের এ ঘোষণার মাধ্যমে রবি-এয়ারটেলের আইনি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ইতিমধ্যেই একীভূত হওয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে সরকারের কাছে আবেদন করেছে রবি ও এয়ারটেল।
একীভূত হতে গত আগস্টে মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও ভারতী এয়ারটেল আলোচনা শুরু করে। এর পরে গত ৯ সেপ্টেম্বর একীভূত হওয়ার বিষয়ে যৌথ বিবৃতি দেয় রবি-এয়ারটেল।
অপারেটর দুটি এক হলে ৩ কোটি ৮২ লাখ গ্রাহক নিয়ে এটিই হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর। বর্তমানে ৫ কোটি ৫৮ লাখ গ্রাহক নিয়ে বাংলাদেশে শীর্ষে রয়েছে গ্রামীণফোন।
নতুন গঠিত কোম্পানিতে রবির ৭৫ আর এয়ারটেলের ২৫ শতাংশ মালিকানা থাকবে। রবির ৭৫ শতাংশ শেয়ারের মধ্যে ৭০ শতাংশ শেয়ার থাকবে মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদের কাছে আর ৫ শতাংশ থাকবে জাপানের এনটিটি ডোকোমোর কাছে। এয়ারটেল বাংলাদেশের ১০০ শতাংশ শেয়ারের মালিক ভারতী এয়ারটেল।