একীভূত হলো লাফার্জ-হোলসিম
একীভূত হয়ে গেল সিমেন্ট প্রস্তুতকারক ও বাজারজাতকারী দুই বহুজাতিক প্রতিষ্ঠান হোলসিম ও লাফার্জ। প্রতিষ্ঠান দুটি ১০ জুলাই থেকে আন্তর্জাতিকভাবে একীভূত প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে। এখন থেকে সুইজারল্যান্ডের হোলসিম ও ফ্রান্সের লাফার্জের সমন্বিত নাম ‘লাফার্জ হোলসিম’।
এদিকে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে লাফার্জ সুরমা সিমেন্ট গতকাল রোববার দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হোলসিমের সঙ্গে একীভূত হওয়ার তথ্য জানিয়েছে শেয়ারধারীদের।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, কোম্পানি দুটি ১০ জুলাই থেকে একীভূত প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে। বাংলাদেশে এখনো একীভূত কার্যক্রম শুরু না হওয়ায় আপাতত আলাদাভাবে প্রতিষ্ঠান দুটির কর্মকাণ্ড চলবে।
জানা গেছে, বাংলাদেশে কোম্পানি দুটির একীভূত কার্যক্রম শুরু হলে সেই অনুযায়ী পরবর্তী ঘোষণা দেওয়া হবে। ওই ঘোষণা না আসা পর্যন্ত লাফার্জ সুরমা ও হোলসিম আলাদাভাবে ব্যবসায়িক প্রতিযোগী হিসেবে কর্মকাণ্ড চালাবে। বর্তমানে বিশ্বের ৬৪টি দেশে লাফার্জের ও ৭০টি দেশে হোলসিমের কার্যক্রম রয়েছে। বাংলাদেশেও এই দুটি কোম্পানির কার্যক্রম আছে। এর মধ্যে লাফার্জ সিমেন্ট বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত। আর হোলসিম তালিকাভুক্ত নয়।
সিমেন্ট খাতে বিশ্বের এ দুটি নামীদামি কোম্পানির একীভূত হওয়া নিয়ে কয়েক দফায় জটিলতা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত তারা সফলভাবেই একীভূতকরণ কার্যক্রমটি সম্পন্ন করল।