একে একে আসছে নতুন নয়টি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নতুন নয়টি ব্যাংকের মধ্যে ইতিমধ্যে তিনটি যাত্রা শুরু করেছে। শিগগিরই আসবে আরও দুটি।যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরে নিবন্ধনের অপেক্ষায় আছে দুটি ব্যাংক। আর দুটি ব্যাংক এখনো কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চূড়ান্ত অনুমোদন পায়নি।গত সপ্তাহে তিনটি নতুন ব্যাংক যাত্রা শুরু করেছে। এই ব্যাংকগুলো হলো জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ইউনিয়ন ব্যাংক, খুলনার হিমায়িত খাদ্য রপ্তানিকারক এস এম আমজাদ হোসেনের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ফরাছত আলীর এনআরবি কমার্শিয়াল ব্যাংক।রংপুর-৫ আসনের সাংসদ এইচ এন আশিকুর রহমানের মেঘনা ব্যাংক তফসিলভুক্ত হয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আয়কর উপদেষ্টা এম মনিরুজ্জামান খন্দকারের মিডল্যান্ড ব্যাংক তফসিলভুক্ত হতে যাচ্ছে। এর পরই এই ব্যাংক দুটি যাত্রা শুরু করবে। মনিরুজ্জামান খন্দকার কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান। তিনি ইতিমধ্যেই কর্মসংস্থান ব্যাংক থেকে পদত্যাগ করেছেন বলেও জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ফারমার্স ব্যাংক এবং যুক্তরাজ্যপ্রবাসী ইকবাল আহমেদের এনআরবি ব্যাংক লিমিটেড যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরে নিবন্ধনের অপেক্ষায় রয়েছে। তবে মহীউদ্দীন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় তিনি ব্যাংকটির পরিচালক হতে পারছেন না। উদ্যোক্তা শেয়ারধারী হিসেবে থাকছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সিতারা আলমগীর ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন।যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নিজাম চৌধুরীর এনআরবি গ্লোবাল ব্যাংক এবং ঢাকা-১২ আসনে সরকারি দলের সাংসদ ফজলে নূর তাপসের মধুমতি ব্যাংক এখনো বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পায়নি। ১১ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে চূড়ান্ত অনুমোদনের জন্য উঠবে মধুমতি ব্যাংক। প্রয়োজনীয় কাগজপত্র ও মূলধন জোগাড়ে ৩১ মার্চ পর্যন্ত সময় পেয়েছিল এনআরবি গ্লোবাল ব্যাংক। নির্ধারিত সময়ের মধ্যে তারা তাদের কাগজপত্র জমা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এগুলো যাচাই-বাছাই করে দেখছে। সবকিছু নিয়মমাফিক হলে এই ব্যাংকটির প্রস্তাবও উঠবে বাংলাদেশ ব্যাংকের পরবর্তী কোনো পর্ষদ সভায়।