এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন
শেয়ারবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আকার ১০০ কোটি টাকা। ফান্ডটি মোট ১০ কোটি ইউনিটে বিভক্ত। প্রতিটি ইউনিটের দাম ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, মিউচুয়াল ফান্ডটির মোট ১০০ কোটি টাকার মধ্যে ৫০ কোটি টাকা প্রাক-আইপিওর মাধ্যমে এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে। বাকি ৫০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজার থেকে উত্তোলন করা হবে। এর মধ্যে নিবাসী বাংলাদেশিদের জন্য (ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ২০ শতাংশ কোটাসহ) ৪০ কোটি টাকা, অনিবাসী বাংলাদেশিদের জন্য পাঁচ কোটি টাকা ও অন্য মিউচুয়াল ফান্ডগুলোর জন্য পাঁচ কোটি টাকা কোটা রাখা হয়েছে।এই মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেড।এ ছাড়া আজকের সভায় গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ৫১ লাখ তিন হাজার শেয়ার ইস্যু করে পাঁচ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকা মূলধন উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। এই টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেবল ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কাছে ইস্যু করা হবে। এর ফলে প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ৫১ কোটি তিন লাখ টাকা থেকে ৫৬ কোটি ১৩ লাখ ৩০ হাজার টাকায় উন্নীত হবে।