এক্সিম ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

এক্সিম ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই সম্মেলন হয়। এতে ব্যাংকের গত বছরের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ ও চলতি বছরের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন করা হয়।
‘বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২০’ শীর্ষক দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া।
মো. নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংকের অব্যাহত সাফল্যের জন্য সব ব্যবস্থাপককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের সম্মিলিত প্রচেষ্টাতেই এক্সিম ব্যাংকের এ উন্নয়ন।’ তিনি তাঁদের বিনিয়োগের জন্য নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করার পরামর্শ দেন।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া তাঁর বক্তব্যে ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবসায়িক সম্ভাবনা ও প্রতিকূলতা নিয়ে আলোচনা করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. আবদুল্লাহ, মো. নুরুল আমিন ফারুক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সিরাজুল ইসলাম, খন্দকার মোহাম্মদ সাইফুল আলম, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবির, শাহ্ মো. আবদুল বারী ও শেখ বশীরুল ইসলাম। সম্মেলনে এক্সিম ব্যাংকের সব শাখা ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের নির্বাহী ও আঞ্চলিক ব্যবস্থাপকেরা অংশ নেন।