এখন টাকা দিতে হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

সোনালী ব্যাংক যুক্তরাজ্য লিমিটেডকে যে ৩৩ লাখ পাউন্ড জরিমানা করেছে ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি (এফসিএ), এখন তা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এখন টাকা দিতে হবে।’
মানি লন্ডারিং প্রতিরোধে ব্যর্থতার দায়ে সোনালী ব্যাংক যুক্তরাজ্যকে এ জরিমানা করে এফসিএ। এফসিএ হচ্ছে যুক্তরাজ্যের আর্থিক খাত তদারককারী সংস্থা। সোনালী ব্যাংক যুক্তরাজ্য লিমিটেডের ৫১ শতাংশ মালিকানা সরকারের। বাকি ৪৯ শতাংশের মালিক সোনালী ব্যাংক।
মানি লন্ডারিং প্রতিরোধে ব্যর্থতার জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এটা আমাদের ব্যাপার।’
যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসে ১৮ দিন সফর শেষে বুধবার দেশে ফিরে গতকালই প্রথম অফিস করেন অর্থমন্ত্রী।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশ সফর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, দেশটিকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থের পরিমাণের দিক থেকে তা দেড় থেকে দুই হাজার কোটি ডলার হবে।

দীর্ঘমেয়াদি সম্পর্কের জন্য চীনকে আরেকটি প্রস্তাবের তালিকা দেওয়া হবে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। সেগুলোতে অর্থের পরিমাণ কত হবে জানতে চাইলে মুহিত বলেন, ‘বলতে পারছি না। টাকার অঙ্ক বলাটা মুশকিল।’