এখন থেকে শনিবার সব ব্যাংকের এডি শাখা খোলা
বৈদেশিক লেনদেনের কাজে সংশ্লিষ্ট দেশের সব ব্যাংকের অথরাইজড ডিলার (এডি) শাখা প্রতি শনিবার খোলা থাকবে। এসব শাখায় সব ধরনের ব্যাংকিং সেবা দেওয়া হবে।দেশের সব ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে গতকাল বুধবার এ নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অর্থনীতির গতি সচল রাখা ও গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রম নির্বিঘ্ন করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তফসিলি ব্যাংকগুলোর সব অথরাইজড ডিলার শাখা এখন থেকে ব্যাংকিং সময়সূচি অনুযায়ী সব ধরনের লেনদেন সারবে।উল্লেখ্য, বৈদেশিক বাণিজ্য ও লেনদেনের সুবিধার্থে বিমান, সমুদ্র/নৌ ও স্থলবন্দরসমূহে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব শাখা (এডি শাখা) প্রতি শুক্র ও শনিবার খোলা রাখার নির্দেশনা আগে থেকেই দেওয়া আছে। গতকালের নতুন নির্দেশনায় ব্যাংকের উল্লিখিত শাখাসহ বৈদেশিক লেনদেন করে থাকে এমন সব শাখা (এডি শাখা) প্রতি শনিবার খোলা রাখার জন্য বলা হয়েছে।