বাজারে মূল্য সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার মূল্য সংশোধন হয়েছে দেশের শেয়ারবাজারে। লেনদেনের শুরুতে বাজার ঊর্ধ্বমুখী থাকলেও দিন শেষে নিম্নমুখী থাকে বাজার। বেলা দুইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে। একই সঙ্গে লেনদেন কমেছে দুই বাজারে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেশ কয়েক দিন ধরে দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। এ সময়ে কিছু কোম্পানির শেয়ারের দাম বেশ বেড়েছে। এ অবস্থায় অনেক বিনিয়োগকারী নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ায় বাজারে স্বাভাবিক মূল্য সংশোধন ঘটে। ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক গতকালের চেয়ে ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪২৬২ পয়েন্টে। এর আগে বেলা ১১টায় ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম আধা ঘণ্টায় সূচক বাড়ে ৪০ পয়েন্ট। এরপর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২২২টির দাম কমেছে; বেড়েছে ৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ৭৩০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩১০ কোটি টাকা কম। গতকাল এই বাজারে এক হাজার ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল জ্বালানি ও বিদ্যুত্ খাতের সরকারি কোম্পানি পদ্মা অয়েল। আজ প্রতিষ্ঠানটির ৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বিএসসিসিএল, যমুনা অয়েল, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসসি প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ১৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ২৮৩ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৬টিরই দাম কমেছে; বেড়েছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই বাজারে ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৩ কোটি টাকা কম। গতকাল সিএসইতে ৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।