এখনই বাজারে আসছে না সরকারি প্রতিষ্ঠানের শেয়ার
বহুল আলোচিত ২৬ সরকারি প্রতিষ্ঠানের শেয়ার খুব দ্রুত বাজারে ছাড়া সম্ভব হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে এর বাইরে সরকারি মালিকানাধীন কয়েকটি কোম্পানি এবং সরকারের হাতে থাকা কয়েকটি কোম্পানির শেয়ার আগামী ডিসেম্বরের মধ্যেই বাজারে ছেড়ে দেওয়া হবে। অর্থমন্ত্রী বলেছেন, শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সরকারি মালিকানাধীন কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই এগুলোর শেয়ার ছাড়া হবে। গতকাল সোমবার সচিবালয়ে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার ছাড়াসংক্রান্ত এক পর্যালোচনা বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, সদস্য মনসুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী আরও জানান, বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কমপক্ষে ৪০ কোটি টাকা পরিশোধিত মূলধনের ৪০ শতাংশ অর্থাৎ ১৬ কোটি টাকার শেয়ার ছাড়ার যে শর্ত দেওয়া হয়েছিল, তা কিছুটা শিথিল করে ৩০ কোটি টাকা করা হয়েছে। এখন ৩০ কোটি টাকার ৪০ শতাংশ অর্থাৎ ১২ কোটি টাকার শেয়ার ছাড়লেই হবে। বুকবিল্ডিং পদ্ধতি ও প্রাইভেট প্লেসমেন্টও বহাল থাকবে। সরকারি মালিকানাধীন তালিকাভুক্ত ও সরকারের হাতে শেয়ার আছে এমন কোম্পানিগুলো হচ্ছে—বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), রেকিট অ্যান্ড বেনকিজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটি), বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (শেরাটন হোটেল), পদ্মা অয়েল, ডেসকো ও পাওয়ার গ্রিড। অর্থমন্ত্রী বলেছেন, যে কোম্পানিগুলো ইতিমধ্যেই বাজারে তালিকাভুক্ত, সেগুলোর শেয়ার ছেড়ে দেওয়ার বিষয়টি চূড়ান্ত। বাকিদের ব্যাপারে একটু সময় লাগবে।সময় লাগার প্রতিষ্ঠানগুলো হচ্ছে—লিক্যুইটিফাইড পেট্রোলিয়াম গ্যাস লিমিটেড (এলপি গ্যাস), বাখরাবাদ গ্যাস, জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, সিলেট গ্যাসফিল্ডস কোম্পানি, বাংলাদেশ গ্যাসফিল্ডস কোম্পানি, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস, রুরাল পাওয়ার কোম্পানি, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড (সোনারগাঁও হোটেল), বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল), হোয়েকস্ট বাংলাদেশ লিমিটেড, ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন ডেভেলপমেন্ট, মিরপুর সিরামিকস ওয়ার্কস, প্রগতি ইন্ডাস্ট্রিজ, চিটাগাং ড্রাই ডক লিমিটেড ও এসেনশিয়াল ড্রাগ কোম্পানি।এ ছাড়া রয়েছে বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ের বিপরীতে বন্ড ইস্যু করা। বহুজাতিক কোম্পানির (এমএনসি) মধ্যে রয়েছে অ্যাভেন্টিস লিমিটেড ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সরকারি শেয়ার। সূত্র জানায়, এসব প্রতিষ্ঠানের মধ্যে বেশির ভাগই হচ্ছে জ্বালানি মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের অধীন। আবার শিল্প মন্ত্রণালয়ের অধীন কোম্পানিগুলোর মধ্যে বেশির ভাগই হলো এমএনসিতে সরকারি অংশের শেয়ার। শ্রমিক অসন্তোষের আশঙ্কা করে শিল্প মন্ত্রণালয়ের অধীন কোম্পানিগুলোর শেয়ার ছাড়ার বিষয়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার মতামত নেওয়া হয়নি বলে জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ‘বাজারে প্রচুর লোক, আর প্রচুর টাকা। কিন্তু কেনার তেমন কোনো শেয়ার নেই। শেয়ার সরবরাহ বাড়ানোটা তাই জরুরি। আমরা চাই, বাজার কিছুটা সংশোধন হোক। তবে সংশোধনটা হতে হবে নিম্নগতিতে।’ এসইসির জনবল বাড়ানোর একটি প্রস্তাবের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এটি এখনো আমার কাছে রয়েছে। তবে এসইসির জনবল বাড়ানো হবে।’এর আগে গত ১৩ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে সরকারি মালিকানাধীন ২৬টি প্রতিষ্ঠানকে ছয় মাসের মধ্যে শেয়ার ছাড়ার প্রস্তুতি নেওয়ার কথা বলেছিলেন অর্থমন্ত্রী। বিষয়টি স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, ‘এতে আমরা ব্যর্থ হয়েছি। তবে চাইছি, ডিসেম্বরের মধ্যে অন্তত তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন কয়েকটির শেয়ার বাজারে আসুক। আর এসইসি নিজেই পর্যালোচনা করে দেখেছে, অন্য প্রতিষ্ঠানগুলো স্বল্প সময়ের মধ্যে আসতে পারবে না। এগুলোর জন্য সময় লাগবে।’ সময় লাগলেও এগুলোকে বাজারে আসতেই হবে বলে অর্থমন্ত্রী মনে করেন।