এখনই লেনদেন পদ্ধতি বদল নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন লেনদেন পদ্ধতি বা ‘ট্রেডিং সিস্টেম’ ক্রয়ের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত গ্রহণ না করতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
গতকাল সোমবার ডিএসইর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছে। বিএসইসি ও ডিএসইর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এ বিষয়ে কোনো পক্ষ সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
জানা গেছে, বিএসইসির পক্ষ থেকে ডিএসইকে জানানো হয়েছে যে স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন-পরবর্তী পুনর্গঠিত পূর্ণাঙ্গ পর্ষদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এ ধরনের গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন পর্ষদের সিদ্ধান্ত না নেওয়াই ভালো। তাই কমিশন মৌখিকভাবে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে, এ বিষয়ে বর্তমান পর্ষদ যেন কোনো ধরনের সিদ্ধান্ত না নেয়।