এখনই সরানো হচ্ছে না ডিএসইর পুরোনো সূচক
চলতি জুলাইয়ে সরানো হচ্ছে না ডিএসইর সাধারণ মূল্যসূচক। নতুন সূচক চালুর তিন মাস পর পুরোনো সূচক সরিয়ে নেওয়ার কথা থাকলেও সেটি আপাতত হচ্ছে না। ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, ডিএসইর সূচক কমিটি নতুন সূচকের পাশাপাশি পুরোনো সূচকটিকে আরও এক প্রান্তিক প্রদর্শনের বিষয়ে একমত হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক প্রতিষ্ঠান এস অ্যান্ড পির সঙ্গে ডিএসইর কো ব্র্যান্ডিংয়ের একটি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। সেটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত নতুন সূচকের পাশাপাশি পুরোনো সূচকটিও প্রদর্শনের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন ডিএসইর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানতে চাইলে ডিএসইর শীর্ষ এক কর্মকর্তা বলেন, এস অ্যান্ড পির সঙ্গে কো ব্র্যান্ডিংয়ের বিষয়টি চূড়ান্ত হলে সেই অনুযায়ী পুরোনো সূচকটি সরিয়ে নেওয়া হবে।
চলতি বছরের ২৭ জানুয়ারি ডিএসইতে নতুন সূচক ডিএসইএক্স চালু হয়। ওই দিন জানানো হয়েছিল, বিনিয়োগকারীসহ সূচক ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন সূচকের পাশাপাশি তিন মাস পুরোনো সূচকটিও প্রদর্শিত হবে। এদিকে গত বৃহস্পতিবার ব্যাপক দরপতনে ডিএসইএক্স ও সাধারণ সূচকের বড় ব্যবধান পুরোনো সূচক সরিয়ে নেওয়ার বিষয়টি সামনে চলে এসেছে। বিনিয়োগকারীদের দাবি, এখনই পুরোনো সূচকটি সরিয়ে নেওয়া হোক।