এখনো অনেক অর্জন বাকি
জাতিসংঘ প্রণীত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে ভালো করলেও বাংলাদেশের এখনো অনেক অর্জন বাকি। অবশ্য কিছু লক্ষ্য অর্জনের পথে রয়েছে বাংলাদেশ।
‘এমডিজি অর্জন: বাংলাদেশ অগ্রগতি প্রতিবেদন, ২০১৫’-এ পর্যবেক্ষণ উঠে এসেছে। রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার এ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘এমডিজির যে লক্ষ্যগুলোতে আমরা পিছিয়ে আছি, সেগুলোর প্রতি এখন বিশেষ নজর দিতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য এম শামসুল আলম।
চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলকরণ, সর্বজনীন প্রাথমিক শিক্ষা, লৈঙ্গিক সমতায়ন ও নারীর ক্ষমতায়ন, শিশুর মৃত্যুহার কমানো, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, এইচআইভি/এইডস-ম্যালেরিয়া ও অন্যান্য রোগ দমন, পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং সার্বিক উন্নয়নে বিশ্বব্যাপী অংশীদারি গড়ে তোলা—এমডিজির এই আট লক্ষ্য অর্জনে অগ্রগতি হয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়।
তবে মোট জনসংখ্যার তুলনায় বেকারত্বের হার, ১৫-২৪ বছর বয়সী নারী-পুরুষের সাক্ষরতার হার, জাতীয় সংসদে নারীদের অংশগ্রহণের হার, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের হার, দেশের মোট ভূমির ২০ শতাংশ বনভূমিতে উন্নীত করা এবং স্বাস্থ্যকর পায়খানা ব্যবহারের হারের দিক থেকে যে বাংলাদেশ এখনো পিছিয়ে তাও তুলে ধরা হয় প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, এমডিজিতে ২০১৫ সালের জন্য বাংলাদেশের দারিদ্র্যে গভীরতা ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। এখন তা ৬ দশমিক ৫ শতাংশ। যে দেশে দারিদ্র্য গভীরতা যত কম, সে দেশের দারিদ্র্য পরিস্থিতি তত ভালো বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ৯৭ দশমিক ৭ শতাংশ এবং পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার হার ৮১ শতাংশ। ১৯৯০ সালে বছরে
প্রতি লাখে মাতৃমৃত্যুর হার ৫৭৪ জন থাকলেও ২০১৩ সালে তা দাঁড়ায় ৭০ জনে।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালে প্রতি এক হাজারে জন্ম নেওয়ার পর পাঁচ বছরের মধ্যেই ১৫১ শিশু মারা যেত। ২০১৩ সালে মারা যায় ৪১ শিশু। ১৯৯০ সালে প্রতি এক হাজার নবজাতকের মধ্যে মারা যেত ৯৪ জন, ২০১৩ সালে তা ৩২ জনে নেমে আসে। আর ২০০৫ সালে প্রতি লাখ মানুষে ম্যালেরিয়ায় আক্রান্ত হতো ৪৪১ জন, ২০১৪ সালে হয় ৪৩৪ জন।
চলতি মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মূল আলোচ্য বিষয় এমডিজি-পরবর্তী উন্নয়ন আলোচনা। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেবে।
আলোচনা: অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এমডিজির লক্ষ্য অর্জনে আমরা ভালো করেছি। এখন টেকসই উন্নয়নের দিকে যেতে হবে।’ ১৫ বছরের মধ্যে দেশের ক্ষুধা ও দারিদ্র্য দূর করা সম্ভব হবে বলে আশাবাদী অর্থমন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কিছু আশা ও স্বপ্নের কথা জানিয়ে বলেন, ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত হবে এবং ২০৪০ সালের মধ্যে ধনী দেশে পরিণত হবে। উন্নতিতে মালয়েশিয়া, সিঙ্গাপুর এমনকি অস্ট্রেলিয়াকেও ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখেন বলে জানান তিনি।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, এমডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে একটি আদর্শ (মডেল) দেশ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ছয় বছর ধরে ৬ শতাংশের বেশি জিডিপির প্রবৃদ্ধির হার অর্জনে বাংলাদেশ সত্যিই উদাহরণ সৃষ্টিকারী দেশ।