এখনো এআইআইবির সদস্য নয় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) যাত্রা শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে অনেকে সদস্য হিসেবে থাকলেও বাংলাদেশ ছিল পর্যবেক্ষক হিসেবে। কারণ, বাংলাদেশ এখনো সদস্য নয়।
অনুষ্ঠানে সদস্য হিসেবে থাকতে না পারার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁরই মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) দায়ী করেন।
চীন সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে গতকাল বুধবার নিজ দপ্তরে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। ১৬ জানুয়ারি বেইজিংয়ে এআইআইবির উদ্বোধন করা হয়।
অর্থমন্ত্রী বলেন, ‘অনুষ্ঠানে ২০টি দেশ সদস্য হিসেবে থাকলেও বাকিরা পর্যবেক্ষক ও সদস্য হতে চাওয়া দেশ হিসেবে অংশ নিয়েছে। আমার খেদটা হলো, আমাদের ইআরডি আরেকটু কার্যকর ভূমিকা নিলে আমরাও সদস্য হতে পারতাম।’
জানা গেছে, সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেও বাংলাদেশ এখনো এআইআইবির সদস্য নয়। সদস্য হওয়ার জন্য যে অনুসমর্থন (রেটিফিকেশন) দরকার, তা এখনো হয়নি।
অর্থমন্ত্রী বলেন, ‘গত অধিবেশনে এটা পাস হয়নি। কারণ, এর অপরিহার্যতা (আর্জেন্সি) আমরা জানতাম না। এটা হচ্ছে অবহেলা (ইআরডির)।’
তবে এআইআইবির বিভিন্ন সভায় ইআরডির অতিরিক্ত সচিব আসিফুজ্জামানের কাজ সবার দৃষ্টি কেড়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদেরই একজন আসিফুজ্জামান। হি ওয়াজ দ্য হিরো অব দ্য কনফারেন্স। সব প্রস্তুতিমূলক কমিটির সভায় সে অংশ নিয়েছে। চীনাদের বাইরে সে-ই একমাত্র লোক, যে সব সভায় অংশ নিয়েছে।’
অর্থমন্ত্রী বলেন, ‘চার্টার, রুলস, রেগুলেশন—সব কটিতেই সে ভূমিকা রেখেছে। কোনো কিছু হলেই আমাকে জিজ্ঞেস করত, এটা কী হচ্ছে? সে আমাদের জন্য গর্ব। তাঁকে মন্ত্রী ডাকছে, ব্যাংকের প্রেসিডেন্ট ডাকছে, সবাই ডাকছে। এটা বাংলাদেশের জন্য সম্মান।’
এআইআইবির পরিচালনা পর্ষদ হলে বাংলাদেশ তাঁকে পরিচালক করবে বলে জানান অর্থমন্ত্রী।
চীন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হিসেবে মুহিতকেও বিশেষভাবে সম্মান দেখিয়েছে বলে জানান তিনি। বলেন, ‘উভয় সেশনে আমি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের পাশেই ছিলাম।’