এখনো বাজারে কারসাজি হচ্ছে বিএসইসির ভূমিকা দেখছি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক আহমেদ সিদ্দিকী
ফারুক আহমেদ সিদ্দিকী

দেশের শেয়ারবাজার পরিস্থিতি, নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা ও করণীয় এবং আগামী বাজেট নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান, এনবিআরের সাবেক সদস্য ও সাবেক সচিব ফারুক আহমেদ সিদ্দিকী
প্রথম আলো: শেয়ারবাজারের সাম্প্রতিক গতিধারাকে কীভাবে দেখছেন?
ফারুক আহমেদ সিদ্দিকী: সম্প্রতি দেখলাম, টানা দরপতনের ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকটি চার হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। অর্থাৎ ২০১০-১১ সালে শেয়ারবাজার ধসের সময়ের চেয়েও সূচক অনেক নেমে এসেছে। তার মানে বাজারের প্রতি এখনো বিনিয়োগকারীদের পরিপূর্ণ আস্থা ফেরেনি। ধসের পর চার-পাঁচ বছর অতিবাহিত হয়েছে। দীর্ঘ কয়েক বছর পরও বাজারের প্রতি বিনিয়োগকারীদের পরিপূর্ণ আস্থা ফিরে না আসাটা সত্যিই হতাশাজনক।
প্রথম আলো: বিনিয়োগকারীদের আস্থা ফিরছে না কেন?
ফারুক আহমেদ সিদ্দিকী: বিনিয়োগকারীদের আস্থা না ফেরার অনেকগুলো কারণ রয়েছে। বড় একটি ধসের পর বাজারের প্রতি আবারও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার মূল দায়িত্বটি সরকারের। সরকার সেটি যথাযথভাবে করতে পারেনি। এ ছাড়া ধসের কারণে নিঃস্ব হওয়া বিনিয়োগকারীদের দিক থেকে নতুন করে আবার বিনিয়োগের অর্থ সৃষ্টি করাটা সময়সাপেক্ষ বিষয়। আরেকটি বড় সমস্যা এখনো বাজারে রয়ে গেছে। সেটি হলো ঋণগ্রস্ত বিনিয়োগকারীদের ‘ঋণাত্মক মূলধনি বা নেগেটিভ ইক্যুইটি’ হিসাবগুলো। যেখানে ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর বিপুল অর্থ আটকে আছে। এ অর্থ আদায় না হওয়ায় একদিকে প্রতিষ্ঠানগুলোর আর্থিক সামর্থ্য বাড়ছে না, অন্যদিকে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরাও বাজারে সক্রিয় হতে পারছেন না। অথচ এ সমস্যা সমাধানে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর বাইরে নিয়ন্ত্রক সংস্থার কিছু দুর্বলতাও বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণ। নিয়ন্ত্রক সংস্থার ওপর থেকে বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়াটা মোটেই শুভ কোনো দিক নয়।

প্রথম আলো: নিয়ন্ত্রক সংস্থার কী দুর্বলতা বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণ? 

ফারুক আহমেদ সিদ্দিকী: এখনো বাজারে কারসাজি হচ্ছে। কিন্তু সেগুলোর বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার দিক থেকে দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। পাশাপাশি বাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে যেসব কোম্পানি বাজারে আসছে, সেগুলোর বেশির ভাগই দুর্বল ও নিম্নমানের। অনেক ক্ষেত্রে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে এসব কোম্পানি বাজারে আসছে। আর বাজারে আসার পর কিছুদিন এসব শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। আবার কিছুদিন যেতে না যেতেই সেগুলো আইপিও মূল্যের নিচে নেমে যাচ্ছে। এর মানে এসব নিম্নমানের কোম্পানি বাজারে আসার পরও কারসাজির মাধ্যমে সেগুলোর দাম বাড়ানোর ঘটনা ঘটছে। এসব বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার কোনো কার্যকর ভূমিকা দেখছি না।

প্রথম আলো: নিয়ন্ত্রক সংস্থার দিক থেকে বলা হয়, আইপিওতে কোম্পানিগুলো যেসব তথ্য দেয়, সেগুলোর সঠিকতা যাচাইয়ের প্রাথমিক দায়িত্ব ইস্যু ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের। তাহলে এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার কী করার আছে।

ফারুক আহমেদ সিদ্দিকী: এ কথা সত্য, আইপিও প্রক্রিয়ার সঙ্গে ইস্যু ব্যবস্থাপক, নিরীক্ষকসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান জড়িত। তাদেরও কিছু দায়দায়িত্ব রয়েছে। কিন্তু চূড়ান্ত বিচারে চূড়ান্ত দায়টা কিন্তু নিয়ন্ত্রক সংস্থার। কারণ, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পরই সাধারণ বিনিয়োগকারীরা আইপিওতে অর্থ বিনিয়োগ করেন। তাই অন্যের গাফিলতি বা দায়িত্বের কথা বলে নিয়ন্ত্রক সংস্থার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আইন অনুযায়ী, বিনিয়োগকারীর স্বার্থ রক্ষাই শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান কাজ। আমি মনে করি, এখন সময় এসেছে যেকোনো আইপিও অনুমোদনের আগে সরেজমিন বা সশরীরে কিছু বিষয় তদন্ত করে দেখা। এ জন্য আলাদা একটি টিম করা উচিত। প্রয়োজনে এ ধরনের কাজে নিয়ন্ত্রক সংস্থা দুই স্টক এক্সচেঞ্জের সহযোগিতা নিতে পারে।

প্রথম আলো: ২০১০ সালের শেয়ারবাজার ধসের জন্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা একটি কারণ ছিল। এখন সেটি কি দূর হয়েছে?

ফারুক আহমেদ সিদ্দিকী: হ্যাঁ, ২০১০ সালের ধসের পেছনে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়হীনতাও একটি কারণ ছিল। এ কারণে শেয়ারবাজারে ব্যাংকগুলো আইন লঙ্ঘন করে নির্ধারিত সীমার অতিরিক্ত বিনিয়োগ করেছে। অথচ আইন লঙ্ঘনকারী ব্যাংকগুলোর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ধসের পর এ সমন্বয়হীনতা দূর করার বিষয়ে সরকার ও বিভিন্ন পক্ষ থেকে নানা প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কিন্তু এখনো সেই সমন্বয়হীনতা রয়ে গেছে। আগে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার মধ্যে নিয়মিত সমন্বয় সভা হতো। এখন সেটা অনিয়মিত হয়ে পড়েছে। আমি মনে করি, পুঁজিবাজারের প্রয়োজনেই অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সাধনে বিএসইসিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

প্রথম আলো: এখনো শেয়ারবাজারের পতনের জন্য ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগসীমার বিষয়টি সামনে আসে। এ বিষয়ে আপনার অভিমত কী?

ফারুক আহমেদ সিদ্দিকী: আইনের মাধ্যমে বর্তমানে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমার বিষয়টিকে ব্যাংকের মূলধনের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। আমি মনে করি, সেটা ঠিকই আছে। ব্যাংকের আমানত সুরক্ষার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংকের। সে ক্ষেত্রে ব্যাংকগুলো আইনের মধ্যে থেকে বিনিয়োগ করছে কি না, সেটা দেখা ও সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কাজটিও কেন্দ্রীয় ব্যাংকের। আমি মনে করি, কোনো অবস্থাতেই শেয়ারবাজারে ব্যাংকগুলোকে নির্ধারিত সীমার বেশি বিনিয়োগ করতে দেওয়া উচিত নয়। আর শেয়ারবাজার ব্যাংকের বিনিয়োগনির্ভর হওয়াটাও বাজারের জন্য শুভ কোনো লক্ষণ নয়। এককভাবে কারও বিনিয়োগের ওপর নির্ভর না করে বাজারকে তার নিজস্ব শক্তির ওপর দাঁড়াতে দেওয়া উচিত।

প্রথম আলো: আমরা জানি, আপনি একসময় এনবিআরে করনীতি নিয়ে কাজ করেছেন। বর্তমান করনীতিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?

ফারুক আহমেদ সিদ্দিকী: বাংলাদেশে যাঁদের কাছে মোটামুটি টাকাপয়সা আছে, আমার মনে হয় তাঁদের বড় অংশই করের আওতায় রয়েছেন। অনেকে এখন কর আদায় বাড়াতে করের আওতা বাড়ানোর কথা বলেন। করের আওতা বাড়ানোর বিষয়ে আমিও একমত। ১৬ কোটি মানুষের দেশে ১০ থেকে ১২ লাখ মানুষ কর দেবেন, তা হতে পারে না। কিন্তু এ কথাও সত্য, শুধু করের আওতা বাড়িয়ে বা জেলা-উপজেলা পর্যায়ে করের জাল বিস্তৃত করলেই কাঙ্ক্ষিত কর আদায় বাড়বে না।

প্রথম আলো: করের আওতা বাড়ালেও কাঙ্ক্ষিত কর আদায় হবে না বলে মনে করছেন কেন?

ফারুক আহমেদ সিদ্দিকী: কর আদায় বাড়াতে হলে আসলে কর ফাঁকিবাজদের প্রতিই বেশি নজর দিতে হবে। হিসাব করলে দেখা যাবে, ১০ হাজার সাধারণ করদাতার কাছ থেকে যে কর আদায় হবে, অনেক ক্ষেত্রে একজন কর ফাঁকিবাজের কাছ থেকেই সেই কর আদায় করা সম্ভব। তাহলে কর আদায় বাড়ানোই যদি উদ্দেশ্য হয়, সে ক্ষেত্রে কোনটিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? আমার মতে, কর ফাঁকিবাজদের ওপরই এনবিআরের বেশি নজর দেওয়া উচিত। 

প্রথম আলো: তাহলে কর আদায় বাড়াতে কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

ফারুক আহমেদ সিদ্দিকী: আমাদের দেশের বাস্তবতা হলো ক্ষমতাবানদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ সহজ নয়। সামাজিক, ব্যবসায়িক, রাজনৈতিকসহ নানাভাবে ক্ষমতাবানেরাই কর ফাঁকি দেন বেশি। আমাদের চোখের সামনে ঢাকা শহরের অনেকে বিশাল বিশাল অট্টালিকা, দামি গাড়ির মালিক রয়েছেন। কিন্তু তাঁদের সবাই কি যথাযথ কর দেন? তাই এসব ক্ষমতাবানের কাছ থেকে যথাযথ কর আদায় ও কর ফাঁকি বন্ধে সবার আগে দরকার রাজনৈতিক সদিচ্ছা। দীর্ঘদিন ধরে সেই সদিচ্ছার অভাব প্রকট।

প্রথম আলো: সামনে বাজেট। সরকারের একজন সাবেক আমলা ও বর্তমানে একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে কেমন বাজেট প্রত্যাশা করেন।

ফারুক আহমেদ সিদ্দিকী: দেশের উন্নয়নের স্বার্থেই একটি বাস্তবায়নযোগ্য উচ্চাভিলাষী বাজেটই আমার কাম্য। তবে আমি মনে করি, বর্তমানে ২ লাখ ২০ হাজার টাকার ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত যে আয়সীমা রয়েছে, সেটি বাড়িয়ে ন্যূনতম তিন লাখ টাকা করা উচিত। ২ লাখ ২০ হাজার টাকার করমুক্ত আয়সীমা মানে একজন সাধারণ করদাতা, যাঁর মাসিক আয় ২০ হাজার টাকা, তিনিও করের আওতায় চলে আসছেন। কিন্তু জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতিপূর্ণ করতে হলে ২০ হাজার টাকার মাসিক আয়ের লোককে কোনোভাবেই করের আওতায় আনা উচিত নয়।

সাক্ষাৎকারটি নিয়েছেন: সুজয় মহাজন