এখনো আমদানিমুখী টায়ার-টিউব খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের মতোই মোটরগাড়ির যন্ত্রাংশ এবং টায়ার (চাকা) ও টিউব যানবাহনের গুরুত্বপূর্ণ অংশ। এসব পণ্যের মূল্য হ্রাস বা বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় কমা বা বাড়ার সম্পর্ক আছে। এ কারণে আমদানিনির্ভর এই খাতটিকে দেশের বৃহত্তর স্বার্থে সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।ব্যবসায়ীরা জানান, দেশে বর্তমানে কয়েকটি প্রতিষ্ঠান রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, বেবিট্যাক্সি, মিনিবাস, ট্রাকসহ হালকা যানবাহনের টায়ার-টিউব উৎপাদন করছে। এ ছাড়া কিছু খুচরা যন্ত্রাংশও তৈরি করছে দেশীয় প্রতিষ্ঠান। তবে এসব পণ্য উৎপাদনের পরিমাণ এখনো চাহিদার তুলনায় অল্প। ফলে চাহিদা মেটাতে স্বাভাবিকভাবেই ভারত, চীন, জাপান, ইন্দোনেশিয়া থেকে টায়ার-টিউব আমদানি করতে হয়। এ ছাড়া জানালার কাচ, ব্রেক সু, এক্সেল বোল্ট, স্প্রিং পাত্তি, নাট-বল্টু, হাব বোল্ট, সেন্টার বোল্ট, কানেটিং বোল্ট, শ্যাফপ্ট বোল্টসহ কয়েক শতাধিক যন্ত্রাংশ চাহিদা অনুযায়ী বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। টায়ার-টিউব ও মোটর পার্টসের বড় পাইকারি বাজার পুরান ঢাকার নর্থ ব্রুক হল রোড। এখানেই আছে প্রায় ৬৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান। এ ছাড়া চট্টগ্রামের শেখ মুজিব রোডেও আছে পাইকারি বাজার। এ দুটি জায়গা থেকেই মূলত সারা দেশের খুচরা বিক্রেতারা পণ্য কিনে নিয়ে যান।বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী সমিতির তথ্যানুযায়ী, সারা দেশে সমিতির সদস্যসংখ্যা এক হাজার ২০০। এর মধ্যে আমদানিকারকের সংখ্যা দুই শতাধিকের বেশি। খাতটির সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে লক্ষাধিক লোক জড়িত। সমিতির এক সদস্য মো. মুজাহিদ বলেন, ‘আমরা জানতে পেরেছি, একটি গোষ্ঠীর প্ররোচনায় সরকার টায়ার-টিউব আমদানির ওপর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা আরোপের চিন্তা করেছে। কিন্তু দেশীয় উৎপাদকেরা যে টায়ার-টিউব তৈরি করেন, তা চাহিদার মাত্র ২ থেকে ৩ শতাংশ পূরণ করে।’দেশীয় উৎপাদকেরা জোগান দেওয়ার পরও মাসে প্রায় ৮০ হাজার টায়ার আমদানি করতে হয় দাবি করে মো. মুজাহিদ বলেন, এমনটা করা হলে অন্যায় হবে। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কারণ, পণ্যের দাম বাড়লে তা স্বাভাবিকভাবেই ক্রেতা ও ভোক্তার ওপর পড়বে। এতে জীবনযাত্রার ব্যয় বাড়বে। খোঁজ নিয়ে জানা যায়, গত এক দশকে বিভিন্ন ধরনের টায়ারের দাম প্রায় ৪০০ গুণ পর্যন্ত বেড়েছে। আর গত এক বছরে বেড়েছে প্রায় ৩০ শতাংশ। ১০ বছর আগে ভারী যানে ব্যবহূত ১০০০-২০ সাইজের একটি টায়ারের দাম ছিল ছয় থেকে সাত হাজার টাকা। এখন তা বেড়ে হয়েছে ৩০ হাজার টাকা। অত্যধিক মূল্য বৃদ্ধির কারণে অনেক গাড়ির মালিক পুরোনো টায়ার মেরামত করে ব্যবহার করেন।